সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের একটি বেসরকারি কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ রূপ নিল প্রকাশ্য সংঘর্ষে। রবিবার রাতে এবিএল টাউনশিপের আইএনটিটিইউসি কার্যালয়ে লাঠি, রড ও ইট নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি গড়ায়। ঘটনায় দু’জন জখম হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর পেয়ে বড়সড় পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই কার্যালয়ে একটি বৈঠক চলাকালীন আচমকাই ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাজির অনুগামীরা সেখানে উপস্থিত হন। তাঁদের অভিযোগ, এলাকার কয়েকজনকে সম্প্রতি কারখানার কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে, অথচ বৈঠকে বহিরাগতদের কাজ পাইয়ে দেওয়া নিয়ে আলোচনা চলছিল। প্রতিবাদ করতে গেলে দীপঙ্কর লাহার ঘনিষ্ঠ রঞ্জিত পণ্ডিতের অনুগামীরা তাঁদের উপর হামলা চালায় বলে দাবি দীপেনের।অন্যদিকে রঞ্জিত পণ্ডিত অভিযোগ অস্বীকার করে জানান, অফিসে এসআইআর সংক্রান্ত কাজ চলছিল। সেই সময়ই দীপেন মাজির সমর্থকেরা আচমকা হামলা করেন। হাসপাতালে শয্যায় শুয়ে তিনি দাবি করেন, “দলের কাজ করছিলাম। তখনই আমাদের ওপর চড়াও হয় দীপেন মাজির লোকজন।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি, কারখানাটি নতুন সংস্থার দখলে যাওয়ার পর থেকেই ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে টানাপোড়েন বাড়ছে। তিনি বলেন, “কাটমানির বখরা নিয়ে অশান্তি। বিধানসভা নির্বাচন যত এগোবে, ততই বাড়বে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ।” তবে আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য মানস অধিকারী বলেন, “এটি দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব নয়। ব্যক্তিগত কোনও বিরোধ থাকতে পারে। আমাদের উচ্চ নেতৃত্ব খতিয়ে দেখছেন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


