দুর্গাপুরে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা, ‘গো ব্যাক’ স্লোগানকে ঘিরে রাজনৈতিক তরজা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরের ভিড়িঙ্গি চাষীপাড়া এলাকায় শুক্রবার বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের প্রচারকে ঘিরে তৈরি হল উত্তেজনা। ১২৬ নম্বর বুথ এলাকায় প্রচারে গেলে তাঁকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রচার চলাকালীন কিছু মানুষ প্রশ্ন তোলেন—“গত পাঁচ বছরে কোথায় ছিলেন?” এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, একাংশ ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন, আবার অন্যদিকে ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যায়।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

এই ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে। বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই বলেন, তৃণমূলের কিছু লোকজন তাঁকে লক্ষ্য করে স্লোগান দিয়েছে এবং সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, “তৃণমূলের কয়েকজন চামচা এসব করছে, কিন্তু মানুষ ভোটে জবাব দেবে।” অন্যদিকে, তৃণমূল নেতা তথা প্রাক্তন ২ নম্বর বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, বিজেপি প্রার্থীরা ভোটের সময়ই সক্রিয় হন। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবেই প্রতিবাদ জানাচ্ছেন বলে তাঁর দাবি। পাশাপাশি তিনি বলেন, গত পাঁচ বছরে স্থানীয় বিজেপি বিধায়ককে এলাকায় দেখা যায়নি, তাই মানুষের ক্ষোভ স্বাভাবিক।  (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

 

Related Posts