খাটপুকুরে দুঃসাহসিক চুরি, পরপর চুরির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরের কাঁকসা থানার খাটপুকুর এলাকার একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার বাড়ি তালাবন্ধ রেখে সপরিবারে আউশগ্রামের অভিরামপুরে শ্বশুরবাড়ি গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা দয়াময় মন্ডল। শনিবার সকালে বাড়ি ফিরে দেখেন দুষ্কৃতীরা সব চুরি করে নিয়ে পালিয়েছে। এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে প্রথমে দেখতে পান, বাড়ির গেট ভেতর থেকে বন্ধ। এতে সন্দেহ হয়। পাশের বাড়ি থেকে সিঁড়ি নিয়ে এসে ভিতরে ঢুকে গেট খোলেন দয়াময়। ঘরের ভিতরে ঢুকে দেখেন, আলমারি ভাঙা। সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে।

দয়াময় জানান, সোনার গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। তাঁর স্ত্রী ফাল্গুনি বলেন, "মেয়ে বড় হয়েছে। বিয়ে দিতে হবে। তাই বহু কষ্ট করে একটা একটা করে গয়না গড়ে রেখেছিলাম। সব শেষ হয়ে গেল।" দিন কয়েক আগে এভাবেই চুরি হয় স্থানীয় বাসিন্দা রণজিৎ প্রামানিকের বাড়িতেও। তিনি জানান, বাড়ি তালাবন্ধ রেখে বর্ধমানে আত্মীয় বাড়িতে গিয়েছিলেন। পড়শিদের কাছে খবর পান, তাঁর বাড়ির দুটি জানলা খোলা রয়েছে। তাঁর সন্দেহ হয়। বাড়ি এসে দেখেন, আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। 

পর পর এভাবে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তাঁরা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশ গ্রেফতার করতে না পারায় দুষ্কৃতীদের সাহস দিন দিন বাড়ছে বলে তাঁদের অভিযোগ। অবিলম্বে এলাকায় পুলিশের তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। কাঁকসা থানার পুলিশ জানিয়েছে, চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করার আশ্বাসও দিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত কবে দুষ্কৃতীরা ধরা পড়ে, সেটাই এখন দেখার। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Related Posts