দুর্গাপুর দর্পণ, কাঁকসা: গলসি বিধানসভার কাঁকসা এলাকায় জোরদার বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। দলের কাঁকসা ব্লক সাধারণ সম্পাদক পল্লব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব চলছে প্রচার। গত বার গলসি থেকে জিতেছিলেন তৃণমূলের নেপাল ঘড়ুুই। এ বার এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জামালপুরের বিদায়ী বিধায়ক অলোক মাঝিকে। একটা সময়ে গলসি ছিল সিপিএম-এর গড়। ২০১১-তে সেই গড়ে ফুল ফুটিয়েছিল তৃণমূল। ২০১৬-তে গলসিতে তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন অলোক। ২০২১-এর নির্বাচনে দল তাঁকে জামালপুর আসনে প্রার্থী করে। সেখানে তিনি জয়ী হন। এবার আবার দল তাঁকে গলসিতে প্রার্থী করেছে।
প্রার্থীর সমর্থনে দলের সর্বস্তরের নেতা কর্মীরা প্রচারে নেমেছেন। সোমবার কাঁকসার রঘুনাথপুরে জনসভা করবেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে বাড়ি বাড়ি প্রচার চলছে বিভিন্ন জায়গায়। রবিবার কাঁকসা গ্রাম পঞ্চায়েতের ৭৩ নম্বর বুথে বাড়ি বাড়ি প্রচার ও নববর্ষের কার্ড প্রদান করা হয়। রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুফল বাড়ি বাড়ি প্রচার করা হয়। একই সঙ্গে দলনেত্রীর তরফে নববর্ষের শুভেচ্ছা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক সাধারণ সম্পাদক পল্লব বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা কুলদীপ সিং প্রমুখ। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)