

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: একটি দুর্ঘটনা মুহূর্তের মধ্যে বদলে দিয়েছিল একটি পরিবারের জীবন। সেই শোক, সেই শূন্যতা বয়ে নিয়ে প্রায় পাঁচ বছর পর অবশেষে কিছুটা হলেও স্বস্তির খবর এল আদালত থেকে। দুর্গাপুর মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক আদালত পথ দুর্ঘটনায় মৃত মা-ছেলের পরিবারের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। বিচারক গিরিজানন্দ জানা নির্দেশ দিয়েছেন, ঘাতক ডাম্পারের বীমা সংস্থাকে ৬ শতাংশ সুদসহ মোট ১ কোটি ২৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ আগামী এক মাসের মধ্যে দিতে হবে।
ঘটনাটি ২০২০ সালের ৫ মার্চ। নিঘা মোড়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দুর্গাপুরের বাসিন্দা চিরঞ্জীব ও তাঁর মা রেখা মুসিব। দোল উৎসবে যোগ দিতে পরিবারকে সঙ্গে নিয়ে আসানসোলের বাড়িতে ফিরছিলেন সঞ্জীব। কিন্তু পথেই ঘটে যায় অপ্রত্যাশিত বিপর্যয়—নিয়ন্ত্রণ হারানো একটি ডাম্পার তাঁদের গাড়ি ও একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে। মুহূর্তেই সব শেষ। ঘটনাস্থলেই প্রাণ হারান মা ও ছেলে। প্রাণে বাঁচলেও সেই দিনের স্মৃতি আজও তাড়া করে ফেরে চিরঞ্জীবের বোন ও ভাগ্নেকে, যাঁদের পুলিশ উদ্ধার করেছিল গুরুতর অবস্থায়।
পেশায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উখড়া শাখার সহকারী ম্যানেজার ছিলেন চিরঞ্জীব। পরিবারের ভরসা, দায়িত্বশীল একজন মানুষ—হঠাৎই তাঁর চলে যাওয়া পরিবারকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। পরবর্তীতে চিরঞ্জীবের বাবা ও স্ত্রী আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি সেই মামলার রায় ঘোষণা হয়। তাঁদের তরফে আইনজীবী আয়ুব আনসারি জানান, এই ক্ষতিপূরণ কিছুটা হলেও পরিবারের আর্থিক সুরাহা হবে। তবে অর্থ কখনই প্রিয়জন হারানোর শূন্যতা পূরণ করতে পারে না। তবুও এই রায় যেন একটাই বার্তা দেয়—দেরিতে হলেও বিচার একদিন ঠিকই আসে।

Read more :: অন্ডাল বিমানবন্দর থে্কে চা...
