দুর্গাপুরের সঙ্গীত জগতের গৌরব রুমা দাস, পেলেন ‘সঙ্গীতাচার্য’ উপাধি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরের সঙ্গীত জগতে এক আনন্দঘন মুহূর্ত। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সঙ্গীত শিক্ষিকা রুমা দাস সম্প্রতি পেয়েছেন সঙ্গীতাচার্য উপাধি, যা তাঁর দীর্ঘ দিনের পরিশ্রম, নিষ্ঠা এবং সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসার স্বীকৃতি। ছোটবেলায় মাত্র চার বছর বয়সে গুরু চিন্তামণি ভট্টাচার্যের কাছে সঙ্গীতের হাতেখড়ি নেওয়া রুমা দাস পরবর্তী জীবনে বি-মিউজে ফার্স্ট ক্লাস সেকেন্ড এবং এম-মিউজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডালিস্ট হন। দীর্ঘদিন তিনি দুর্গাপুর স্টিল প্লান্টের বিভিন্ন স্কুলে সঙ্গীত শিক্ষিকা হিসেবে কাজ করেছেন এবং ছাত্রছাত্রীদের হৃদয়ে সুরের আলো ছড়িয়েছেন।

তাঁর শিল্পী জীবনও সমান সমৃদ্ধ। আকাশবানী, দূরদর্শন-এ অনুষ্ঠান করেছেন, প্রকাশ করেছেন একাধিক অ্যালবাম। তিনি এলাহাবাদ প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে রবীন্দ্রসঙ্গীতের উপর পিএইচডি সম্পন্ন করেছেন। তাঁর বিষয় ছিল, রবীন্দ্রসঙ্গীতের উপর বাউলের প্রভাব। এলাহাবাদ প্রয়াগ সঙ্গীত সমিতি সম্প্রতি তাঁকে সঙ্গীতাচার্য উপাধি দিয়ে ভূষিত করল। এতে শুধু তাঁর সঙ্গীত জীবনই সমৃদ্ধ হল না, বরং তাঁর অগণিত ছাত্র-ছাত্রী এবং সঙ্গীতপ্রেমীদের মধ্যেও আনন্দের বাতাবরণ তৈরি করেছে। এই সাফল্য যেন প্রমাণ করে—প্রজ্ঞা, পরিশ্রম এবং ভালোবাসা মিলে গেলে সঙ্গীতের মহিমা চিরন্তন হয়ে থাকে।

Related Posts