

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রবিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা উপনগরী সংলগ্ন পণ্ডিত রঘুনাথ মুর্মু সরণীতে হঠাৎই পিএনজি (পাইপড ন্যাচারাল গ্যাস) পাইপলাইন থেকে গ্যাস লিক শুরু হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন, মাটির নিচ থেকে ধোঁয়ার মতো গ্যাস বের হচ্ছে এবং চারদিকে তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। সম্ভাব্য বিপদ এড়াতে সঙ্গে সঙ্গে ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট সংস্থা এবং মেরামতের কাজ শুরু হয়।

গ্যাস কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই মেরামত সম্পূর্ণ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) চেয়ারম্যান কবি দত্ত। তিনি জানান, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে গ্যাস পাইপলাইনের সঠিক নকশা এডিডিএ, পুর নিগম সহ সংশ্লিষ্ট সব দফতরে জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় বড়সড় বিপদের আশঙ্কা থাকলেও দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
