আচমকা মন্ত্রীর কনভয় থামল স্কুলে, হুলস্থুল পরিস্থিতি, মন্ত্রী হয়ে গেলেন ‘ শিক্ষক ‘, তারপর?

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: আচমকা মন্ত্রীর কনভয় থামল স্কুলে। হুলস্থুল পরিস্থিতি। মন্ত্রী হয়ে গেলেন ‘ শিক্ষক ‘। ‘মুখে হাসি,বুকে বল, তেজে ভরা মন, ‘মানুষ’ হইতে হবে- এই তার পণ?’ এক পড়ুয়ার মুখে কুসুমকুমারী দাশের লেখা ‘আদর্শ ছেলে’ কবিতা শুনে তাকে বুকে টেনে নিলেন মন্ত্রী। খুদে পড়ুয়াদের কাছে শুনলেন তাদের অভাব অভিযোগ। শনিবার সকালে এই দৃশ্য দেখা গেল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার মলানদিঘী প্রাথমিক বিদ্যালয়ে।

এদিন ওই এলাকা দিয়ে যাচ্ছিল মন্ত্রী প্রদীপ মজুমদারের কনভয়। আচমকা স্কুলের সামনে থেমে গেল সেই কনভয়। পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষকে নিয়ে ঢুকে পড়লেন স্কুলের ভিতর। তখন খুদে পড়ুয়াদের নিয়ে স্কুলের বাগানে সাপ্তাহিক ‘আনন্দ পরিসর’ চলছিল। মন্ত্রীকে দেখে কার্যত চমকে যান শিক্ষক শিক্ষিকারা। তাড়াতাড়ি চেয়ারের ব্যবস্থাও করেন। কিন্তু মন্ত্রী বাগানের মাটির উপর পাতা আসনেই বসে পড়েন।পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন প্রবীণ মন্ত্রী। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

খুদেদের তাদের সাথে গল্প করে কাটান বেশ কিছুটা সময়। শুনতে চান কবিতা। তখনই দ্বিতীয় শ্রেণীর ঋষি রুইদাস ‘আদর্শ ছেলে’ কবিতা আবৃত্তি করে শোনায়। খুশি হয়ে ঋষিকে জড়িয়ে ধরেন মন্ত্রী। আরেক খুদে পড়ুয়া আবৃত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমরা চাষ করি আনন্দে’ কবিতাটি। তার সঙ্গে হাত মেলান মন্ত্রী। পড়ুয়াদের কাছ থেকে অভাব অভিযোগ মন দিয়ে শোনেন তিনি। এরপর কথা বলেন স্কুলের-শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেও। প্রায় এক ঘণ্টা ছিলেন স্কুলে।

ঋষি রুইদাসের কথায়, “আমার খুব ভালো লাগলো। আমি ‘আদর্শ ছেলে’ কবিতা শোনালাম স্যারকে।” স্কুলের প্রধান শিক্ষিকা মিঠু মন্ডল বলেন, “আজকের আনন্দ পরিসর খুব সুন্দর ভাবে কাটলো। মন্ত্রী প্রদীপ মজুমদার আমাদের মাঝে এসেছিলেন। আমাদের স্কুলের পড়ুয়াদের সাথে নানান অভিজ্ঞতা ভাগ করে নিলেন। উনি চেয়ারেও বসেননি। পড়ুয়াদের সাথে মাটিতে বসেছিলেন। আমরা গর্বিত।” মন্ত্রী বলেন, “স্কুল মানেই বন্দিশালা নয়। সুন্দর পরিবেশে শিক্ষা হবে সেটাই আমরা কামনা করি। দু’জন আমাকে কবিতা শোনালো। আমিও খুব ভালো একটা নিদর্শন পেলাম। শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত আন্তরিকতার সাথে পড়ুয়াদের এগিয়ে নিয়ে চলেছেন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!