
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রকৃতিকে ভালবাসার বার্তা আর আগামী পৃথিবীকে আরও বাসযোগ্য করে তোলার অঙ্গীকার নিয়ে শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College (BCREC) ক্যাম্পাসে। কলেজের ‘বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ’ বিভাগের উদ্যোগে এবং ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক অংশগ্রহণে এপিসি রায় ভবন সেমিনার হলে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল ভাবনা ছিল—ছিল—পরিবেশ রক্ষার বার্তা যেন শুধুমাত্র বক্তৃতা বা বইয়ের পাতায় সীমাবদ্ধ না থাকে, বরং তা যেন তরুণ প্রজন্মের দৈনন্দিন জীবনযাপনের অংশ হয়ে ওঠে। সেই লক্ষ্যেই এদিন বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের উৎসাহ ও সচেতন অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সঞ্জয় এস পাওয়ার, সহকারী অধ্যক্ষ অধ্যাপক ড. কে এম হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. জি এস পান্ডা এবং ‘বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস’ বিভাগের প্রধান অধ্যাপক ড. অর্ণব বন্দ্যোপাধ্যায়।
সমবেত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ অধ্যাপক ড. সঞ্জয় এস. পাওয়ার পরিবেশ রক্ষাকে বর্তমান সময়ের অন্যতম বড় সামাজিক দায়িত্ব বলে উল্লেখ করেন। তিনি বলেন, ছোট ছোট সচেতন পদক্ষেপ—যেমন প্লাস্টিকের ব্যবহার কমানো, জল ও বিদ্যুতের অপচয় রোধ বা বৃক্ষরোপণ—সমষ্টিগতভাবে পৃথিবীকে সুস্থ ও সবুজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাঁর বক্তব্যে উঠে আসে, সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, পোস্টার প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতা। পরিবেশ সচেতনতা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নিরাপদ ও স্থায়ী উন্নয়নের মতো বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা ও সৃজনশীলতা তুলে ধরে। প্রতিটি উপস্থাপনায় ছিল পরিবেশের প্রতি তাদের দায়বদ্ধতার স্পষ্ট ছাপ।
সেরা উপস্থাপনা ও সৃজনশীল কাজগুলিকে বিভাগীয় প্রধানদের পক্ষ থেকে পুরস্কৃত ও সম্মানিত করা হয়, যা শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করে। দিনের শেষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের উদযাপন সম্পন্ন হয়।

