দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ নভেম্বর: দূরপাল্লার নাইট সার্ভিস বাসে অগ্নিকাণ্ড বা শর্ট সার্কিটের মতো দুর্ঘটনা এড়াতে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে যৌথভাবে নিরাপত্তা পরীক্ষা ও সচেতনতা অভিযান চালাল দমকল, পরিবহণ দফতর এবং পুলিশ। বিশেষ নজর দেওয়া হয় ভলভো এসি বাসগুলির উপর। বাসে আগুন লাগলে কী ভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব, সে বিষয়ে বাসকর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়।
দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে দূরপাল্লার একাধিক নাইট সার্ভিস বাস যাতায়াত করে। বিশেষ করে এসি বাসে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অতীতে বিভিন্ন জায়গায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। সেই অভিজ্ঞতা থেকেই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
অভিযানের সময় আধিকারিকরা বাসে উঠে অগ্নিনির্বাপণ ব্যবস্থা-সহ সামগ্রিক নিরাপত্তা খতিয়ে দেখেন। শর্ট সার্কিট, ধোঁয়া বের হওয়া কিংবা আচমকা আগুন লাগার মতো পরিস্থিতিতে কী পদক্ষেপ করা প্রয়োজন, তা পরীক্ষা করা হয়। পাশাপাশি বাসের চালক, কন্ডাক্টর এবং কর্মীদের অগ্নিনির্বাপণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বোঝানো হয়। দমকল কর্মীরা আগুন নেভানোর কৌশল হাতে-কলমে প্রদর্শনও করেন।
দমকল বিভাগের আধিকারিক মনোজ দাস জানান, পরিবহণ দফতর, ট্রাফিক বিভাগ এবং দমকল বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়েছে। তাঁর কথায়, সিটি সেন্টার বাসস্ট্যান্ডে দূরপাল্লার বহু বাস আসে। কোনও বাসে শর্ট সার্কিট থেকে আগুন লাগলে যাতে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেই লক্ষ্যেই বাসকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আগামী দিনেও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই ধরনের পরীক্ষা ও সচেতনতামূলক অভিযান চালানো হবে।
আরও পড়ুন: শীতকালীন উড়ান সূচি চালু হল অন্ডাল বিমানবন্দরে, কোন বিমান কখন ছাড়বে?
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


