
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অঙ্গদপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে পরপর দুই রাতে বিশাল চুরির ঘটনা ঘটলো। প্রথম চুরির ঘটনা ঘটে শনিবার রাতে। তালা ভেঙে সেদিন স্কুলের একটি ঘন্টা, একটি ফ্যান চুরি যায়।
রবিবার সকালে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকেরা বিষয়টি জানতে পারেন। তাঁরা দেখেন, স্কুলে ভিতরে বেশ কিছুটা জায়গায় ওয়ারিংয়ের তার কেটে ফেলে দেওয়া হয়েছে। স্কুল থেকে খবর দেওয়া হয় থানায়। কোকওভেন থানার পুলিশ এসে তদন্তের আশ্বাস দেয়।
সোমবার সকালে স্কুলে এসে শিক্ষকেরা তাজ্জব হয়ে যান। তাঁরা দেখেন, দুষ্কৃতীরা রবিবার রাতে ফের স্কুলে ঢুকে কার্যত তাণ্ডব চালিয়েছে। সব ঘরের তালা ভেঙে আরও তিনটি ফ্যান চুরি করেছে। তিনটি পিতলের জলের কল খুলে নিয়ে পালিয়েছে। সমস্ত ওয়ারিং ভেঙেচুরে দিয়েছে। বিদ্যুতের তার খুলে নিয়ে পালিয়েছে।
স্কুলের পক্ষ থেকে থানায় ফের খবর দেওয়া হয়। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। পাশাপাশি গ্রামবাসীরা ও স্কুলে আসেন। তাঁরা জানান, গ্রামের কোনও বাড়িতে কখনও চুরি হয় না। দুষ্কৃতীরা শুধু স্কুলকে টার্গেট করে। ২০২৩ সালেও স্কুলে বড় চুরির ঘটনা ঘটেছিল। শিক্ষকেরা বলেন, “স্কুলের বিপুল ক্ষতি হল। আশা করি পুলিশ দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করবে। গ্রামবাসীরা স্কুলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।”

