WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ অক্টোবর: দক্ষিণবঙ্গের ২৮টি স্কুলকে নিয়ে আয়োজিত প্রথম আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা ‘BCREC Quizineer 2026’-এ চ্যাম্পিয়ন হল দুর্গাপুরের DAV Model School। বৃহস্পতিবার কলেজের দুলাল মিত্র অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করে ডঃ বি.সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (BCREC) সোসাইটি। বিজয়ী দল পায় ৫০ হাজার টাকা নগদ পুরস্কার, ট্রফি, পদক ও শংসাপত্র। দ্বিতীয় Burnpur Riverside School এবং তৃতীয় St. Michael’s School। তারা পায় যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা।

সকাল ১০টায় শুরু হয় কুইজ। কলকাতার কুইজ-মাস্টার অ্যান্টন মুখার্জির সঞ্চালনায় একের পর এক চ্যালেঞ্জিং প্রশ্নে জমে ওঠে প্রতিযোগিতা। তাঁর সাবলীল উপস্থাপনায় শেষ পর্ব পর্যন্ত বজায় ছিল টান টান উত্তেজনা। প্রায় ৫০০ আসনের দুলাল মিত্র অডিটোরিয়াম এ দিন ভরে যায় পড়ুয়া, শিক্ষক, কুইজপ্রেমী ও অতিথিদের উপস্থিতিতে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন BCREC সোসাইটির সভাপতি ডা. সত্যজিৎ বসু। তিনি বলেন, ‘‘কলকাতা কুইজের রাজধানী হলেও দুর্গাপুর এক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই।’’ তাঁর কথায় উঠে আসে দুর্গাপুরে জ্ঞানচর্চা, কৌতূহল এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিসর তৈরির প্রসঙ্গ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BCREC সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্নেল সিং-সহ সোসাইটির অন্যান্য সদস্য এবং সোসাইটির  অধীন ফার্মেসি ও পলিটেকনিক কলেজের অধ্যক্ষরা।

প্রথম আয়োজনেই ২৮টি স্কুলের অংশগ্রহণ এবং দর্শকদের ভিড় দেখে সন্তোষ প্রকাশ করেন আয়োজকেরা। তাঁদের বক্তব্য, কুইজের মতো উদ্যোগ পড়ুয়াদের শুধু তথ্যভাণ্ডার সমৃদ্ধ করে না, প্রশ্ন করতে শেখায়, চারপাশ সম্পর্কে সচেতন করে এবং যুক্তি ও বিশ্লেষণের অভ্যাস গড়ে তোলে। সেই লক্ষ্যেই ভবিষ্যতেও ‘BCREC Quizineer’ আয়োজনের পরিকল্পনা রয়েছে সোসাইটির।

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)