দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ নভেম্বর: কালীপুজোর আর বেশি দেরি নেই। উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় সামলানো থেকে শুরু করে নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণ—সব দিক থেকেই আগাম প্রস্তুতি শুরু করেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পুজোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বিভিন্ন কালীপুজো মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার ডা. প্রণব কুমার।
পরিদর্শনের সময় পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার। মণ্ডপের প্রবেশ ও প্রস্থানের পথ, দর্শনার্থীদের যাতায়াত, ভিড় নিয়ন্ত্রণ এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। কোনও মণ্ডপে যাতে অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পরিদর্শনে পুলিশ কমিশনারের সঙ্গে ছিলেন ডিসি (পূর্ব) রাসপ্রীত সিং-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। পুজো কমিটিগুলির প্রস্তুতি সম্পর্কে জানার পাশাপাশি উৎসবের দিনগুলিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়েও আলোচনা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়ানোই এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। মণ্ডপে প্রবেশ ও বেরনোর পথে যাতে বাধা তৈরি না হয়, ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা থাকে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করা যায়, সে বিষয়গুলিতে নজর দেওয়া হচ্ছে।
দুর্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ পুজো এলাকাগুলির মধ্যে ডিএসপি টাউনশিপে প্রতি বছরই বহু মানুষের সমাগম হয়। তাই উৎসব শুরুর আগেই মণ্ডপগুলির নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে চাইছে পুলিশ। সব মিলিয়ে কালীপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে আগাম তৎপরতা শুরু করেছে পুলিশ কমিশনারেট।
আরও পড়ুন: শীতকালীন উড়ান সূচি চালু হল অন্ডাল বিমানবন্দরে, কোন বিমান কখন ছাড়বে?
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


