দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ নভেম্বর: ছটপুজোয় হাজার হাজার পুণ্যার্থীর ভিড় সামলাতে আগাম প্রস্তুতি শুরু করল প্রশাসন। জলাশয়ে দুর্ঘটনা এড়াতে বাঁশের ব্যারিকেড, স্পিডবোট, নৌকা এবং ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। রবিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিভিন্ন ছটঘাট পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলাশাসক ও পুলিশ কমিশনার-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
বিশেষ গুরুত্ব দেওয়া হয় ডিএসপি টাউনশিপের কুমারমঙ্গলম পার্কের জলাশয়ে। প্রতি বছর ছটপুজোয় এখানে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। সেই কথা মাথায় রেখে পার্ক সংলগ্ন এলাকা ও জলাশয়ের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন জেলাশাসক পন্নামবলাম এস এবং পুলিশ কমিশনার ডা. প্রণব কুমার। উপস্থিত ছিলেন ডিসি (পূর্ব) রাসপ্রিত সিং, ডিসি (ট্রাফিক) যাদব ভীমরাও অবিনাশ-সহ অন্যান্য আধিকারিকরা।
জেলাশাসক জানান, জলাশয়ের বিপজ্জনক জায়গাগুলিতে বাঁশের ব্যারিকেড তৈরি করা হবে। স্পিডবোট ও নৌকার মাধ্যমে জলাশয়ে নজরদারি চলবে। পাশাপাশি আকাশপথে পরিস্থিতির উপর নজর রাখতে ব্যবহার করা হবে ড্রোন। ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই আগাম তৎপরতা। পুণ্যার্থীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
আরও পড়ুন: শীতকালীন উড়ান সূচি চালু হল অন্ডাল বিমানবন্দরে, কোন বিমান কখন ছাড়বে?
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


