দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ নভেম্বর: দুর্নীতি, তোলাবাজি ও সরকারি জমি দখলের একাধিক অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মেনগেট এলাকা। এলাকার প্রাক্তন তৃণমূল নেতা গোলাম রসূলকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির শয়ে শয়ে কর্মী-সমর্থক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বিক্ষোভকারীদের একাংশ তাঁর উপর চড়াও হন বলেও অভিযোগ।
বিজেপির দাবি, তৃণমূলের শাসনকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, তোলাবাজি, শ্রমিক নিয়োগে কাটমানি এবং সরকারি জমি দখলের মতো একাধিক অভিযোগ রয়েছে গোলাম রসূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের উপর হামলা ও হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে তারা।
সম্প্রতি সরকারি জমি দখল করে ব্যবসা করার চেষ্টা ঘিরে নতুন করে ক্ষোভ তৈরি হয় বলে দাবি বিজেপির। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “গোলাম রসূল সরকারি জমি দখল করে পার্টি অফিস নির্মাণ করেছিলেন। এখন সেখানে সবজির দোকান খুলেছেন। সরকারি জমি দখলের প্রতিবাদ করেছেন এলাকার মানুষ। প্রশাসনকে জানাব, সরকারি জমি দখল করে যাতে কোনও কাজ করতে না পারেন, সেই ব্যবস্থা করতে হবে।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স। পরে গোলাম রসূল ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপদে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন: শীতকালীন উড়ান সূচি চালু হল অন্ডাল বিমানবন্দরে, কোন বিমান কখন ছাড়বে?
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


