দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ নভেম্বর: লক্ষ্য ছিল ২৫০ ইউনিট। কিন্তু রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে সংগ্রহ হল ২৯০ ইউনিট রক্ত। তার মধ্যে মহিলা রক্তদাতার সংখ্যা ৩৩। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত মেগা রক্তদান শিবিরে এই সাফল্য পেলেন আয়োজকেরা।
রবিবার, ২২ নভেম্বর দুর্গাপুরের বিধাননগর ডিডিএ মার্কেটের জীবনদান ভবনে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় এই বিশেষ শিবির। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রক্ত সংগ্রহ করেন। সকাল থেকেই শিবিরে রক্তদাতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বহু মানুষ ফোরামের ২৫ বছরের পথচলার এই বিশেষ মুহূর্তের শরিক হন।
‘ভালবাসা আর আত্মত্যাগের ২৫ বছর’—এই ভাবনাকে সামনে রেখে এবং পথ দুর্ঘটনায় প্রয়াত রাজর্ষী বন্দ্যোপাধ্যায়ের স্মরণে শিবিরটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ।
উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়, প্রয়াত রাজর্ষির বাবা বাসব বন্দ্যোপাধ্যায়, নিউ টাউনশিপ থানার আইসি শিউলি মণ্ডল, আইনজীবী আয়ুব আনসারি, সমাজকর্মী সুবীর রায়, পুলক বন্দ্যোপাধ্যায়, নয়নরঞ্জন ঘোষ, শিবাশিস চট্টোপাধ্যায়-সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা। শিবির আয়োজনে সহযোগিতা করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দুর্গাপুর মার্কেটিং ডিভিশন এবং এইচডিএফসি ব্যাঙ্ক।
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির অন্তর্ভুক্ত দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ২০০১ সাল থেকে স্বেচ্ছায় রক্তদান আন্দোলন ও সামাজিক কল্যাণমূলক কাজে যুক্ত। সংগঠনের ২৫ বছরের পথচলার এই বিশেষ শিবিরে লক্ষ্যমাত্রার তুলনায় ৪০ ইউনিট বেশি রক্ত সংগ্রহ হওয়ায় খুশি আয়োজকেরা। তাঁদের আশা, এই রক্ত আগামী দিনে মহকুমার বিভিন্ন হাসপাতালে রোগীদের প্রয়োজন মেটাতে সাহায্য করবে। শিবিরের সাফল্যের জন্য সমস্ত রক্তদাতা, হাসপাতালের ব্লাড সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, সহযোগী সংস্থা, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন ফোরামের সম্পাদক রাজেশ পালিত।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর
স্বপ্নের র্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


