WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ নভেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কালভার্টে সজোরে ধাক্কা। তার পর সোজা নীচে গিয়ে পড়ল চারচাকা গাড়ি। দুর্ঘটনার অভিঘাতে কার্যত দুমড়েমুচড়ে গেল গাড়িটি। ভিতরে আটকে পড়েন চালক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চালকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিভিসি মোড়ের দিক থেকে দ্রুতগতিতে আসছিল গাড়িটি। সিটি সেন্টার চার্চের সামনে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কালভার্টে ধাক্কা মারে সেটি। ধাক্কার তীব্রতায় গাড়িটি ছিটকে কালভার্টের নীচে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দেখেন, গাড়ির ভিতরে আটকে রয়েছেন চালক। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। উপস্থিত হন এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকারও। পুলিশের তৎপরতায় গাড়ির ভিতর থেকে চালককে উদ্ধার করা হয়। তাঁকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন বলে জানা গিয়েছে।

অন্য দিকে, কালভার্টের নীচে পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধারের জন্য আনা হয় ক্রেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় গাড়িটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার জেরে ওই এলাকায় সাময়িক ভাবে যান চলাচল ব্যাহত হয়। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

স্বপ্নের র‍্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)