WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ নভেম্বর: অবৈধ নির্মাণে আর কোনও রেয়াত নয়। নিয়ম ভেঙে বহুতল তৈরি করলে প্রয়োজনে চালানো হবে বুলডোজার। শুনানিতে হাজির হয়ে নির্মাণের বিচ্যুতি নিয়ে জবাব দিতে হবে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের। সাত থেকে দশ দিনের মধ্যে শুনানিতে হাজির না হলে নির্মাণ ভেঙে ফেলবে প্রশাসন। রবিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পুরসভায় উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠক শেষে এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

এ দিন ৪ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যয়ে পুরসভার জন্য বরাদ্দ ৩৩টি নতুন জঞ্জালবাহী গাড়ির মধ্যে ১০টির উদ্বোধন করেন মন্ত্রী। পাশাপাশি পিএম স্বনিধি প্রকল্পে জাতীয় পুরস্কার পাওয়ায় পুরসভার কর্মীদের উৎসাহিত করেন তিনি। পানীয় জল, রাস্তা, নিকাশি, বিদ্যুৎ, ম্যানহোল পরিষ্কার এবং শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বৈঠকে।

মন্ত্রী জানান, রাজ্যে নতুন সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা চলছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই দুর্গাপুর পুরসভায় এই বৈঠক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নমবলম এস, বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই, পুর কমিশনার আবুল কালাম আজাদ, দুর্গাপুরের মহকুমাশাসক-সহ প্রশাসনের আধিকারিকেরা।

অগ্নিমিত্রা জানান, আসানসোলের শহরাঞ্চলের পাঁচ বিধায়কের সঙ্গেও বৈঠক হয়েছে। দুর্গাপুর ও আসানসোলের পানীয় জল, রাস্তা, নিকাশি এবং বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলি চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে সমন্বয় রেখে সমস্যার সমাধান করা হবে।

মন্ত্রী বলেন, গত ১৫ বছরে পুরসভাগুলিকে স্বনির্ভর করে তোলার পরিবর্তে সরকারি সাহায্যের উপর নির্ভরশীল করে রাখা হয়েছিল। এখন প্রতিটি পুরসভাকে নিজস্ব আর্থিক পরিকাঠামো শক্তিশালী করতে হবে। পানীয় জলের সামগ্রিক ব্যবস্থা গড়ে তুলতে প্রাথমিক অর্থ দেবে সংশ্লিষ্ট দফতর। একই সঙ্গে শহরবাসীর কাছে তাঁর আবেদন, বাড়ির ভিজে ও শুকনো বর্জ্য আলাদা করে পুরসভার জঞ্জালবাহী গাড়িতে দিতে হবে। এতে বর্জ্য প্রক্রিয়াকরণ সহজ হবে।

দুর্গাপুরে বর্জ্য ব্যবস্থাপনার জন্য এডিডিএ-র দেওয়া ২৫ একর জমিতে তৈরি হবে বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র। সেখানে পুরনো জমে থাকা বর্জ্য বা লিগ্যাসি ওয়েস্ট এবং প্রতিদিনের নতুন বর্জ্য পৃথকভাবে প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকবে। মন্ত্রীর বক্তব্য, জাতীয় পরিবেশ আদালত বা এনজিটি-র নির্দেশ অনুযায়ী নতুন বর্জ্য পুরনো বর্জ্যের স্তূপে ফেলা যাবে না। নতুন বর্জ্য থেকে বায়োগ্যাস ও জৈব সার তৈরি করা হবে। প্লাস্টিক বর্জ্য পাঠানো হবে সিমেন্ট কারখানায়। ভবিষ্যতে জ্বালানি খরচ কমাতে ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি কেনার উপরেও গুরুত্ব দেওয়া হবে।

শহরের অবৈধ নির্মাণ এবং নিয়মবহির্ভূতভাবে অনুমোদন পাওয়া ১৫টি ফাইলের বিষয়েও কড়া অবস্থান জানান মন্ত্রী। বিধায়কদের কাছ থেকে পাওয়া অভিযোগ ও মতামতের ভিত্তিতে জেলাশাসক এবং পুর কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অগ্নিমিত্রার অভিযোগ, আগের সরকারের আমলে চারতলা বাড়ির অনুমতি নিয়ে আটতলা বহুতল তৈরি হয়েছে। এমন অনেক বাড়ি রয়েছে, যেখানে আগুন লাগলে দমকলের গাড়ি পৌঁছনোরও জায়গা নেই। তাঁর কথায়, এভাবে মানুষের জীবনকে বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, সংশ্লিষ্ট বাড়ির মালিকদের নোটিস পাঠিয়ে শুনানির সুযোগ দেওয়া হচ্ছে। সাত থেকে দশ দিনের মধ্যে তাঁদের শুনানিতে হাজির হতে হবে। নির্মাণে সামান্য বিচ্যুতি থাকলে নির্ধারিত জরিমানা দিয়ে তা নিয়মিত করার সুযোগ থাকতে পারে। কিন্তু শুনানিতে কেউ হাজির না হলে প্রশাসন ভাঙার পদক্ষেপ করবে। মানুষের জীবন বিপন্ন করে তৈরি কোনও নির্মাণকে কোনওভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

সাফাইকর্মীদের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেন মন্ত্রী। তিনি জানান, ম্যানহোল পরিষ্কারের জন্য আর কোনও সাফাইকর্মীকে ভিতরে নামতে হবে না। আধুনিক যন্ত্রের সাহায্যে এই কাজ করা হবে। দুর্গাপুরের সিএসআইআর-সিএমইআরআইয়ের বিজ্ঞানীদের তৈরি করা যন্ত্র ব্যবহারের জন্য শীঘ্রই সমঝোতাপত্র বা এমওইউ স্বাক্ষর করবে দফতর। ইতিমধ্যেই এনবিসিসির সঙ্গে চুক্তি হয়েছে। আইআইটি খড়্গপুর ও আইআইটি রুরকির সঙ্গেও প্রযুক্তিগত সহযোগিতার প্রক্রিয়া চলছে।

দুর্গাপুরকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, আসানসোল, দুর্গাপুর, নবদ্বীপ, মায়াপুর, তমলুক, কোচবিহার এবং দার্জিলিংকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলাই লক্ষ্য। পুর পরিষেবার উন্নতি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পানীয় জল, নিকাশি ও পরিকাঠামোর উন্নয়নকে এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

স্বপ্নের র‍্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)