দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ নভেম্বর: পঞ্চায়েতে কর্মসংস্কৃতি ফেরাতে এবার সরাসরি ময়দানে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি! পরিষেবা নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগ পেয়ে সোমবার সরাসরি দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতে আচমকা পরিদর্শনে যান। কর্মীদের উপস্থিতি ও কাজের ধরন নিয়ে প্রশ্ন তুললেন তিনি। বিশেষ করে এক নির্মাণ সহায়কের হাজিরা খাতা পরীক্ষা করে অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পঞ্চায়েতের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ পেয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। সেই অভিযোগের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতেই এদিন তিনি প্রতাপপুর পঞ্চায়েতে যান। সেখানে গিয়ে নির্মাণ সহায়কের হাজিরা খাতা পরীক্ষা করেন। বিধায়কের দাবি, দীর্ঘদিন ধরে ওই কর্মী হাজিরা খাতায় সই করেননি। ফলে তিনি নিয়মিত পঞ্চায়েতে আসেন কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে।
এ প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি বলেন, “তিনি কখন আসেন, আদৌ আসেন কি না, বোঝার কোনও উপায় নেই। তিনি নাকি মাসের শেষে একবারে সই করেন! পঞ্চায়েতের সচিবকে বলেছি, অবিলম্বে পঞ্চায়েতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।”
বিধায়কের এই পরিদর্শন ঘিরে পঞ্চায়েতের কর্মীদের দায়িত্ব ও পরিষেবা প্রদানের বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে। সরকারি দফতরে কর্মীদের নিয়মিত উপস্থিতি এবং সাধারণ মানুষের কাছে সময়মতো পরিষেবা পৌঁছে দেওয়া প্রশাসনিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। সেখানে হাজিরা খাতায় দীর্ঘদিন সই না থাকার অভিযোগ উঠলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর
স্বপ্নের র্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


