দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ নভেম্বর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিজেপি নেতা শ্যামকুমার দাস ওরফে সায়ন খুনের ঘটনায় এবার বুলডোজার অভিযান। সোমবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জব্বরপল্লিতে মূল অভিযুক্ত বিজয় নন্দীর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিল প্রশাসন। বাড়িটি অবৈধভাবে নির্মিত হয়েছিল বলে দাবি প্রশাসনের। এই অভিযান ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
গত ১১ নভেম্বর রাতে কালীপুজোর বিসর্জন ঘিরে জব্বরপল্লিতে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সেই সময় লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করা হয় বিজেপি নেতা সায়নকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে। ধৃতেরা হলেন দুই ভাই বিজয় নন্দী ও অজয় নন্দী এবং প্রসূন পাণ্ডে। বর্তমানে তিন অভিযুক্তই জেল হেফাজতে রয়েছেন।
সোমবার সকালে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও দেবদীপ বৈরাগীর নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের একটি দল জব্বরপল্লিতে পৌঁছয়। এরপর বুলডোজার দিয়ে বিজয়ের বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বিডিও নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে গোটা প্রক্রিয়ার তদারকি করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১২ নভেম্বর ইছাপুর পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ পাঠিয়ে ১৩ নভেম্বরের মধ্যে পঞ্চায়েতে হাজির হয়ে বাড়ির অনুমোদিত নকশা ও প্রয়োজনীয় নথি দেখাতে বলা হয়। কিন্তু বাড়ির মালিকের পরিবারের সদস্যরা প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি বলে প্রশাসনের দাবি।
সায়ন খুনের ঘটনার পরে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছিলেন, পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় যাঁরা খুনের রাজনীতি করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে তাঁদের কার্যকলাপের জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর
স্বপ্নের র্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


