WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৫ নভেম্বর: ঘনবসতিপূর্ণ এলাকায় আচমকা অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতির শালবাগান এলাকার নিশান হাট কলোনির একটি কমিউনিটি সেন্টারে আগুন লাগে। ভিতরে মজুত থাকা থার্মোকলের বিভিন্ন কাঠামোতে আগুন ছড়িয়ে পড়তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই কমিউনিটি সেন্টারে আগুন লাগার পর প্রথমে বাসিন্দারাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। কিছুক্ষণের মধ্যেই দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কমিউনিটি সেন্টারের ভিতরে রাখা থার্মোকলের কাঠামোগুলিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। তবে দমকলের তৎপরতায় আগুন পাশের বাড়ি বা অন্য এলাকায় ছড়াতে পারেনি।

দমকলের এক আধিকারিকের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণও বিশেষ নয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। দমকলের দ্রুত হস্তক্ষেপে বড় বিপর্যয় এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

স্বপ্নের র‍্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)