দুর্গাপুরের রঘুনাথপুরে দেওয়াল লিখন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল রঘুনাথপুর এলাকায়। ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনে কাদা মাখানো এবং পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। তৃণমূল কংগ্রেসের দাবি, পরিকল্পিতভাবে তাদের নির্বাচনী প্রচার নষ্ট করতে বিরোধীরা রাতের অন্ধকারে এই ধরনের কাজ করছে। শুধু দেওয়াল লিখন নয়, বিভিন্ন এলাকায় দলের পতাকা ও ব্যানারও নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় নেতৃত্বের মতে, এলাকায় অশান্তি সৃষ্টি করাই বিরোধীদের মূল উদ্দেশ্য। ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন, দিনের আলোয় মুখোমুখি হওয়ার সাহস নেই। রাতের অন্ধকারে এই ধরনের কাজ করা হচ্ছে। তবে এতে কোনও রাজনৈতিক ফায়দা হবে না।

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ করে বলেন, তৃণমূল নিজেই এই ঘটনা ঘটিয়ে রাজনৈতিক সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। তাঁর দাবি, বিজেপি এ ধরনের রাজনীতিতে বিশ্বাসী নয় এবং সাধারণ মানুষ ইতিমধ্যেই তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। ভোটের আগে এই ঘটনায় রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।  (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Related Posts