দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ অক্টোবর: দশমীর রাতে রাজমিস্ত্রিকে ঘিরে ধরে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের অঙ্গদপুরে। হরিমন্দির সংলগ্ন এলাকায় এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় জাহির শেখ নামে এক ব্যক্তিকে। তিনি মুর্শিদাবাদের জঙ্গিপুরের বাসিন্দা। কর্মসূত্রে অঙ্গদপুরের হরিমন্দিরের কাছে একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি।
জাহিরের অভিযোগ, দশমীর রাতে তিনি বাড়ির দরজায় বসেছিলেন। সেই সময় আচমকা ১০ থেকে ১২ জন জাহিরের উপর চড়াও হন। তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় গুরুতর জখম হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
জাহির বলেন, কী কারণে এই হামলা কিছুতেই তিনি বুঝতে পারছেন না। তাঁর পরিবারের পক্ষ থেকে কোক ওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন জাহির। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: তাসখন্দে কিকবক্সিং বিশ্বকাপে চারটি পদক জয় করল দুর্গাপুরের আরাধ্যা
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)



