WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ অক্টোবর: শনিবার ভোরে দুর্গাপুরের বেনাচিতির নতুন পল্লি এলাকায় একাধিক বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মদ্যপ অবস্থায় একটি লাল রঙের গাড়িতে চেপে এসে পাঁচ-ছ’টি বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে ওই দলটি। ভেঙে দেওয়া হয় বাড়িগুলির জানলার কাচ। পাশাপাশি চলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা তিমির বন্দ্যোপাধ্যায়, আলপনা সরকার, সঞ্জয় রায়-সহ কয়েক জনের অভিযোগ, তাঁরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলেই তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে। তাঁদের অভিযোগ, শনিবার ভোরে আচমকাই একটি লাল রঙের গাড়িতে করে এলাকায় আসে একদল যুবক। এর পর একের পর এক বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে তারা। বাড়ির জানলার কাচ ভেঙে যায়। সেই সঙ্গে চলতে থাকে গালিগালাজ। আচমকা এই হামলায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

অভিযোগকারীদের আরও দাবি, ভোটের ফল ঘোষণার পরে অভিযুক্তরা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের ভাষায়, ওই ব্যক্তিরা ‘নব্য বিজেপি’। সেই রাজনৈতিক পরিচয়ের কারণেই হামলার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানউতোর।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয়দের দাবি, এলাকার সিসিটিভি ক্যামেরায় হামলাকারীদের ছবি ধরা পড়েছে। সেই ফুটেজের সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব বলে মনে করছেন তাঁরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কত জনকে চিহ্নিত করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য মেলেনি।

অন্য দিকে, এই ঘটনায় রাজনৈতিক যোগের অভিযোগ খারিজ করেছে বিজেপি। দলের মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “বিজেপি ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের ছাড়া কিছুই নয়। সঠিক তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার অনুরোধ জানাচ্ছি।”

আরও পড়ুন: তাসখন্দে কিকবক্সিং বিশ্বকাপে চারটি পদক জয় করল দুর্গাপুরের আরাধ্যা

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)