
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের প্রয়াত প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর বংশীবদন কর্মকারের নবম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন বিধাননগর হাউসিং এলাকার কংগ্রেস কার্যালয়ের সামনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও দলীয় কর্মী-সমর্থকরা তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে স্মরণ করেন।
শ্রদ্ধাঞ্জলি পর্বের পর দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে কংগ্রেস কর্মী ও সমর্থকরা রক্তদান করে সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা বংশীবদন কর্মকারের রাজনৈতিক জীবন, শ্রমিক আন্দোলনে তাঁর অবদান এবং জনসেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় তাঁর ভূমিকা আজও দলের কর্মীদের অনুপ্রাণিত করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা সুদেব রায়, স্বপন মিত্র, নির্মল নিয়োগী, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না, অশোক শাসমল, সুদীপ্ত কর্মকার-সহ দলের একাধিক নেতা ও কর্মী।
২০১৭ সালের ৪ জুন রাত সাড়ে আটটা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে দুর্গাপুরের প্রবীণ আইএনটিইউসি নেতা তথা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য বংশীবদন কর্মকারের (৭০) মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালিসিস করাতে হতো। বরাবর প্রিয়রঞ্জন দাশমুন্সীর ঘনিষ্ঠ ছিলেন।দুর্গাপুরের একমাত্র কংগ্রেস নেতা যাঁকে ১৯৮৯ সালে একটি জিপ দিয়েছিল দল। সেই জিপ চালিয়েই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে যোগ দিতে দেখা যেত বংশীবদনবাবুকে। দুর্গাপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড থেকে ১৯৯৭ ও ২০০২ সালে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

