WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টিল প্ল্যান্টে (ডিএসপি) শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে ওঠা ঘুষ ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার কারখানা পরিদর্শনে যান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। এদিন তিনি ঠিকা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শোনেন। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া নিয়ে তথ্যও সংগ্রহ করেন।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক দাবি করেন, অতীতে ডিএসপি-তে চাকরি দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। তাঁর অভিযোগ, কিছু ইউনিয়ন নেতা, জনপ্রতিনিধি এবং প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে চাকরির নামে অর্থ আদায় করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বিধায়কের দাবি, দুর্গাপুরের বহু স্থানীয় যুবক কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। অথচ বাইরের জেলার বহু মানুষকে বিভিন্ন উপায়ে কাজে নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, শিল্পাঞ্চলে স্থানীয়দের অগ্রাধিকার নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করা এখন তাঁর অন্যতম লক্ষ্য।

এদিন তিনি বিভিন্ন ঠিকাদার সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন। শ্রমিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ এবং নিয়োগ সংক্রান্ত অভিযোগ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কারখানা চত্বরে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

বিধায়ক জানান, শিল্পাঞ্চলে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসন পদক্ষেপ করবে। দুর্নীতি বা অনিয়মের সঙ্গে কেউ যুক্ত থাকলে তাঁদের আইনের মুখোমুখি হতে হবে বলেও তিনি সতর্কবার্তা দেন।