WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: হিমালয়ের কোলে অবস্থিত রহস্যে ঘেরা রূপকুণ্ড লেক অভিযান সফলভাবে সম্পন্ন করলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের একদল পর্বতারোহী। দুর্গাপুর হিরোজের উদ্যোগে ২২ মে দুর্গাপুর থেকে উত্তরাখণ্ডের উদ্দেশে রওনা দেয় আট থেকে আশি বছর বয়সী ২১ জনের একটি দল, যার মধ্যে ছিলেন পাঁচজন মহিলা সদস্যও।

উত্তরাখণ্ডের চামোলি জেলার ওয়ান গ্রামের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬,৪৯৯ ফুট উচ্চতায় অবস্থিত রূপকুণ্ড লেক দীর্ঘদিন ধরেই ‘স্কেলিটন লেক’ নামে পরিচিত। বরফ গললেই হ্রদ ও তার আশপাশে শত শত মানব কঙ্কালের দেখা মেলে। এই রহস্যময় হ্রদকে ঘিরে রয়েছে নানা গবেষণা, ইতিহাস ও লোককথা।

এটি আদতেই এক রহস্যময় হ্রদ। বছরের প্রায় আট মাসই থাকে বরফে ঢাকা। লেক ও তার চারপাশে দীর্ঘদিন ধরেই মানুষের কঙ্কাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। একটা-দু’টো নয়, কয়েকশো কঙ্কাল!  বলা হয়, আজ থেকে অন্তত ২২০ বছর আগে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে রূপকুণ্ডে এসে মৃত্যু হয়েছিল এক দল ভিন্‌দেশির। তবে এ নিয়ে গবেষণা এখনও চলছে। কেউ কেউ আবার এর পিছনে পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে বলেও দাবি করেন!

অভিযানকারী দলটি ২৩ মে লালকুয়া পৌঁছানোর পর সেখান থেকে গাড়িতে ওয়ান গ্রামে যায়। এরপর শুরু হয় দুর্গম ট্রেকিং অভিযান। টানা তিনদিন পাহাড়ি পথ অতিক্রম করে ২৭ মে রূপকুণ্ড সামিট করেন দলের সদস্য আদীপ্ত কুমার, প্রিতীশ দাস এবং ইপ্সিতা মণ্ডল। তাঁদের এই কৃতিত্ব দুর্গাপুরের অ্যাডভেঞ্চারপ্রেমী ও পর্বতারোহণ মহলে উৎসাহের সঞ্চার করেছে।