WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সগড়ভাঙার বেসরকারি গ্রাফাইট কারখানায় বছরের পর বছর টাকা নিয়ে বহিরাগতদের কাজে ঢুকিয়েছে আইএনটিটিইউসি। এমন অভিযোগ তুলে দিনের পর দিন বিক্ষোভ হয়েছে কারখানার গেটে। সেই বিক্ষোভে সাধারণ মানুষ, বিরোধীরা তো বটেই, তৃণমূলের লোকজনও ক্ষোভে ফেটে পড়েছেন দলেরই দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে।

সেই তালিকায় বরাবর নাম ছিল আইএনটিটিইউসি নেতা শেখ রমজানের। আইএনটিটিইউসির শীর্ষ নেতৃত্বের বদল হয়েছে। কিন্তু রমজানের এমনই হাতযশ, তিনি সব সময়েই দায়িত্বে থেকেছেন। শেষ পর্যন্ত তোলাবাজি, চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া, সন্ত্রাস ছড়ানো প্রভৃতি অভিযোগে পুলিশ বৃহস্পতিবার রাতে রমজানকে গ্রেফতার করেছে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে আর এক আইএনটিটিইউসি নেতা কার্তিক রজককে। কোকওভেন থানার পুলিশ তাদের শুক্রবার দুর্গাপুর আদালতে পাঠায়।