WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অণ্ডাল থানার উখড়া এলাকার একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ভাইস প্রিন্সিপ্যালকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রাজা প্রসাদ।

পরিবারের দাবি, স্কুলের একটি কক্ষে ডেকে নিয়ে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে অভিযুক্ত। এমন ঘটনা একাধিকবার ঘটেছে বলে তারা পুলিশের কাছে জানিয়েছেন। বিষয়টি সম্প্রতি পরিবারের গোচরে এলে অণ্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃত রাজা প্রসাদ উখড়ার ময়রা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয়দের একাংশের বক্তব্য, কয়েক বছর আগে প্রতিষ্ঠিত এই স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও আবাসিক ছাত্রছাত্রীদের জন্য হস্টেল সুবিধা থাকায় বহু পরিবার তাঁদের সন্তানদের এখানে পড়াশোনার জন্য পাঠান। ফলে এই অভিযোগ সামনে আসার পর অভিভাবকদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।

দুর্গাপুরের আইএনটিটিইউসি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

রবিবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকায় তাকে ১ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সোমবার ফের আদালতে পেশ করা হবে তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিয়ে। অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে। একই সঙ্গে শিশুর নিরাপত্তা এবং মানসিক সুস্থতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।