WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: নিরাপদ বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করতে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বি-জোনে চন্ডীদাস বাজারে বিশেষ অভিযান চালাল ডিএসপি কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি থেকে বেআইনিভাবে তার টেনে একাধিক দোকানে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন অভিযান পরিচালিত হয়।

কর্তৃপক্ষের দাবি, বাজার এলাকার বেশ কিছু দোকানে নিয়ম মেনে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়নি। পরিবর্তে সরাসরি খুঁটি থেকে তার টেনে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। অভিযানে গিয়ে এমন প্রায় ৫০টি দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ডিএসপি সূত্রে জানা গিয়েছে, বিদ্যুতের অবৈধ ব্যবহার শুধু রাজস্ব ক্ষতির কারণই নয়, এর ফলে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। বাজারের মতো জনবহুল এলাকায় বেআইনি সংযোগ থেকে শর্ট সার্কিট, অগ্নিকাণ্ড বা অন্য কোনও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে অভিযানের সময় অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তাঁদের সমস্যার কথাও তুলে ধরেন। তাঁদের দাবি, বৈধ সংযোগ পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতা ও খরচের কারণে অনেকেই এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। যদিও কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইন মেনে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করতেই হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

দুর্গাপুরে সেমিকন্ডাক্টর ইউনিট, আসানসোল-দুর্গাপুর মেট্রোর সম্ভাবনা

ডিএসপি কর্তৃপক্ষ দোকানদারদের দ্রুত বৈধ উপায়ে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বাজার এলাকায় অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।