জেমস ডাইসন অ্যাওয়ার্ডে ভারতের সেরা, কর্নেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা পাঁচে জায়গা। মাত্র ৬০ সেকেন্ডে হৃদ্যন্ত্র ও শ্বাসযন্ত্রের সমস্যা প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম এআই-নির্ভর যন্ত্র তৈরি করেছেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের BCRCP-এর প্রাক্তনী!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ নভেম্বর: কলেজের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক উদ্ভাবনের মঞ্চে নজর কাড়লেন দুর্গাপুরের ডা. বি সি রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালায়েড হেলথ সায়েন্সেসের প্রাক্তনী তুনির সাহু। তাঁর প্রতিষ্ঠিত স্বাস্থ্য প্রযুক্তি সংস্থা ‘জিভাস্কোপ’ (JivaScope)-এর উদ্ভাবনী উদ্যোগ ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। একদিকে ২০২৫ সালের জেমস ডাইসন অ্যাওয়ার্ড ইন্ডিয়ার বিজয়ী হয়েছেন তিনি। অন্যদিকে, ২০২৬ সালে কর্নেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মার্ক মোবিয়াস পিচ প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ে সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছে তাঁর উদ্যোগ।
তুনিরের এই সাফল্যের কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর একটি ছোট্ট ডিজিটাল স্বাস্থ্য পরীক্ষার যন্ত্র। পকেটে বহনযোগ্য এই যন্ত্রের সাহায্যে মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে শ্বাসযন্ত্র ও হৃদ্যন্ত্রের বিভিন্ন সমস্যা প্রাথমিকভাবে শনাক্ত করার ব্যবস্থা রয়েছে। যন্ত্রটির অন্যতম বিশেষত্ব, এটি চালানোর জন্য বিদ্যুৎ কিংবা ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। ফলে প্রত্যন্ত গ্রামাঞ্চল এবং পরিকাঠামোগত ভাবে পিছিয়ে থাকা এলাকাতেও এটি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
গ্রাম ও প্রান্তিক এলাকার মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পৌঁছে দেওয়াই তুনিরের এই উদ্যোগের মূল লক্ষ্য। এখনও বহু প্রত্যন্ত এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামো এবং আধুনিক রোগ নির্ণয়ের ব্যবস্থা সহজলভ্য নয়। সেই ব্যবধান কমাতেই প্রযুক্তিনির্ভর এই বিকল্প ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি।
জিভাস্কোপের এই উদ্ভাবন স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করার পাশাপাশি সামাজিক উদ্যোগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষত যেখানে বিদ্যুৎ ও ইন্টারনেটের নিরবচ্ছিন্ন পরিষেবা নেই, সেখানে এই ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। ডা. বি সি রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালায়েড হেলথ সায়েন্সেসের তরফে জানানো হয়েছে, প্রাক্তনীর এই সাফল্যে কর্তৃপক্ষ গর্বিত। আন্তর্জাতিক উদ্ভাবনের মঞ্চে তুনিরের এই স্বীকৃতি আগামী প্রজন্মের পড়ুয়া ও তরুণ উদ্যোগপতিদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠবে।
আরও পড়ুন: দুর্গাপুর থেকে ইতালি, BCRP-র ছাত্রের নজরকাড়া সাফল্য!
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


