WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রাত তখন গভীর। চারপাশ নিস্তব্ধ। সেই সময়ই আচমকা বাড়ির বাইরে চিৎকার-চেঁচামেচি, তারপর ভাঙচুরের শব্দ। ঘরের ভিতরে থাকা পরিবারের সদস্যরা চরম আতঙ্কিত। 

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতি নতুনপল্লিতে শনিবার গভীর রাতে এক পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী বসন্ত রায় ও তাঁর স্ত্রী রিনা রায়ের দাবি, গভীর রাতে একদল দুষ্কৃতী তাঁদের বাড়িতে এসে জানলার কাচ ভেঙে ফেলে এবং পরিবারের সদস্যদের উদ্দেশে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর বাড়ির বাইরে গুলির খোলও পড়ে থাকতে দেখা যায় বলে তাঁদের অভিযোগ। সেই দৃশ্য দেখে আতঙ্ক আরও বেড়ে যায় পরিবারের।

বসন্ত রায়ের অভিযোগ, ভোট গণনার পর গত প্রায় দু’মাসে তাঁদের বাড়িতে এটি পঞ্চম হামলার ঘটনা। বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে তাঁরা কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

রায় পরিবারের বক্তব্য, তাঁদের দুই ছেলে বাপি রায় ও অমর রায় আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তাঁরা বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে হুমকি ও হামলার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, সম্প্রতি তাঁদের কাছে বিপুল পরিমাণ চাঁদা দাবি করা হয়েছে বলেও পরিবারের অভিযোগ। সেই টাকা না দিলে দুই ছেলেকে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।

ঘটনার পর রায় পরিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। তাঁদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত ও গ্রেপ্তার করা হোক। পাশাপাশি বাড়ির বাইরে উদ্ধার হওয়া বলে দাবি করা গুলির খোল ফরেন্সিক পরীক্ষারও আবেদন জানিয়েছেন তাঁরা, যাতে ঘটনার প্রকৃত সত্য সামনে আসে।

মাথার উপর ঝুলছে বিপদ! চাঙড় ভাঙা জলাধার ঘিরে আতঙ্কে শ্রীনগরপল্লীর বাসিন্দারা

মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর ‘পোস্ট’! দুর্গাপুরে গ্রেফতার যুবক

দুর্গাপুরে কারখানার গেটে আন্দোলন তুলতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি

যদিও এই হামলা, চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য দেয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই ঘটনাকে ঘিরে বেনাচিতি নতুনপল্লী এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। রায় পরিবারের দাবি, তাঁরা শুধু নিরাপদে নিজেদের বাড়িতে বসবাস করতে চান। বিজেপি মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “ভোটের ফল প্রকাশের পরে হঠাৎ তৃণমূলের কেউ কেউ বিজেপি হয়ে নানা অপকর্ম শুরু করেছে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”