
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শ্রমিক ছাঁটাই, সম কাজে সম বেতন, ইএসআই-পিএফ-সহ শ্রমিকদের বিভিন্ন অধিকার নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নমো সগড়ভাঙার একটি বেসরকারি ইস্পাত কারখানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিকের পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক বিজেপি বিধায়ক ও বিএমএসের নেতৃত্ব।
বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, বিএমএসের জেলা সম্পাদক মৃন্ময় বন্দ্যোপাধ্যায়-সহ সংগঠনের অন্যান্য নেতারা।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের অভিযোগ, আগাম কোনও নোটিস ছাড়াই কর্মীদের কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অবসরকালীন প্রাপ্য, ইএসআই ও পিএফের মতো আইনসঙ্গত সুবিধাও অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। স্থানীয়দের পরিবর্তে বহিরাগতদের কাজে নিয়োগের অভিযোগও তোলেন আন্দোলনকারীরা।
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “শ্রমিকদের স্বার্থকে উপেক্ষা করে কারখানা পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি ২৪ জন শ্রমিককে আচমকাই কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নেওয়া হবে না।” তাঁর অভিযোগ, এর আগেও একই দাবিতে আন্দোলনের সময় পুলিশ বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে দিয়েছিল। তিনি বলেন, “গায়ের জোরে শ্রমিকদের ন্যায্য অধিকার কখনও দমিয়ে রাখা যায় না।”
তিনি আরও জানান, বুধবার কলকাতায় রাজ্যের শ্রমমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই বিষয়টি উত্থাপন করবেন এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন।
পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, “কারখানার দূষণের প্রভাব স্থানীয় মানুষকে সহ্য করতে হচ্ছে। অথচ কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয়দেরই বঞ্চিত করা হচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন জরুরি। শ্রমিক ও স্থানীয়দের স্বার্থ রক্ষায় কারখানা কর্তৃপক্ষকে উদ্যোগী হতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিএমএস।”
বিক্ষোভ মঞ্চ থেকে শ্রমিকদের দাবি, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল, সম কাজে সম বেতন, ইএসআই ও পিএফের সুবিধা নিশ্চিত করা এবং স্থানীয় যোগ্য যুবকদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ করতে হবে। তবে এই অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাতের অন্ধকারে বাড়িতে হামলা, চরম আতঙ্কে বেনাচিতির রায় পরিবার
মাথার উপর ঝুলছে বিপদ! চাঙড় ভাঙা জলাধার ঘিরে আতঙ্কে শ্রীনগরপল্লীর বাসিন্দারা
মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর ‘পোস্ট’! দুর্গাপুরে গ্রেফতার যুবক
দুর্গাপুরে কারখানার গেটে আন্দোলন তুলতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি

