
২ পুলকার চালকের বিরুদ্ধে থানায় নালিশ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ আগস্ট: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল ছাত্রকে শারীরিক, মানসিক এবং যৌন হেনস্থার অভিযোগ উঠেছে দুই পুলকার চালকের বিরুদ্ধে। এক চালকের বিরুদ্ধে মারধর ও মানসিক হেনস্থা এবং অন্য চালকের বিরুদ্ধে মারধর, মানসিক ও যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রের বাবা।
নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ এখনও পর্যন্ত তেমন ব্যবস্থা নেয়নি বলি অভিযোগ করে তিনি রবিবার দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কাছে যান। বিধায়ক, পুলিশকে ফোন করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানান।
পুলকার মালিক বিজয় রুইদাস অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, দুই চালকের বিরুদ্ধে অভিভাবকদের কাছ থেকে আগে কখনও কোনও অভিযোগ পাননি। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
ছাত্রের বাবা বলেন, “বার বার আমার ছেলের গাল টিপে দিত। ছেলে আপত্তি জানালে শুনত না। অশালীন স্পর্শ করত। ছেলে বাড়িতে বলেছিল। আমি গাড়ির মালিকের সঙ্গে কথা বলি। কিন্তু উনি উল্টে চালকদের পক্ষে কথা বলেন। পুলিশও কিছু করেনি এখন পর্যন্ত।”
আরও পড়ুন: দুর্গাপুরে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল
তিনি জানান, ১ জুলাই প্রথম ঘটনাটি ঘটে। তাঁর অভিযোগ, পুলকার চালক বিশ্বজিৎ লোহার সেদিন গাড়িতে থাকা একটি লাঠি দিয়ে তাঁর ছেলেকে মারধর করে। গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে।
তাঁর দাবি, ২৯ জুলাই অপর এক চালক তাঁর ছেলেকে চড় মারেন। পাল্টা প্রতিক্রিয়ায় ছেলে ওই চালকের আঙুল কামড়ে দেয়। তখন ছেলেকে গাড়ি থেকে ফেলে দিয়ে গলা টিপে ধরে, কোমড়ে লাথি মারে। তাঁর আরও দাবি, কৃষ্ণ নামে ওই চালক বারবার জোর করে ছেলের গাল টিপে দিত।
রবিবার সকালে সুবিচারের দাবিতে ওই ছাত্রের বাবা বিধায়কের বাড়িতে যান। অভিযোগ শোনার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে আর্জি জানান। বিধায়ক বলেন, “পুলিশকে বলেছি উপযুক্ত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।” (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


