WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবস মানেই শুধু জাতীয় পতাকা উত্তোলন কিংবা দেশাত্মবোধক গান নয়। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাসকে সহজ করে তুলে ধরাও উদযাপনের অন্যতম উদ্দেশ্য। সেই ভাবনাকেই যেন বাস্তবে রূপ দিল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা।

স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা মঞ্চস্থ করল স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জীবনকে কেন্দ্র করে একটি শিক্ষামূলক নাটক। ছোট ছোট পড়ুয়াদের অভিনয়ে উঠে এল দেশের জন্য ক্ষুদিরামের আত্মত্যাগ, সাহস এবং দেশপ্রেমের কথা।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে আয়োজিত এই নাটকে অংশ নেয় বিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষার্থী। তাঁদের অভিনয়, সংলাপ এবং উপস্থাপনায় ফুটে ওঠে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে জানার আগ্রহ। খুদে পড়ুয়াদের এই প্রচেষ্টা অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও এলাকাবাসীর মন ছুঁয়ে যায়। নাটক শেষে তাঁদের প্রশংসায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক। শিশুদের পরিবেশিত নাটকটির ভূয়সী প্রশংসা করেন তিনি। তাঁর বক্তব্য, নাটকের মতো সৃজনশীল মাধ্যমের সাহায্যে মহান স্বাধীনতা সংগ্রামীদের জীবন ও আদর্শ শিশুদের সামনে তুলে ধরার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মহাপুরুষদের জীবনী চর্চার ক্ষেত্রে সরপী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এই প্রচেষ্টা আগামী দিনে অন্যদের কাছেও দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও। তাঁরাও খুদে শিল্পীদের উৎসাহ দেন। ইতিহাসের বইয়ের পাতায় পড়া ক্ষুদিরাম বসু শিশুদের অভিনয়ের মাধ্যমে যেন তাদেরই কাছে জীবন্ত হয়ে উঠেছিলেন। স্বাধীনতার ইতিহাসকে শুধু মুখস্থ না করে, অভিনয় ও অনুভূতির মাধ্যমে তাকে উপলব্ধি করার এই চেষ্টা নিঃসন্দেহে নতুন প্রজন্মের মনে দেশপ্রেমের বীজ আরও গভীরভাবে ছড়িয়ে দেবে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)