
গভীর উদ্বেগে প্রতিবেশীরা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ আগস্ট: মানস সরোবর ভ্রমণে গিয়ে নিখোঁজ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এক দম্পতি। নেপালের হড়পা বানের পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। দুর্গাপুরের বামুনাড়ার তপোবন সিটির বাসিন্দা অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী মৌসুমী গঙ্গোপাধ্যায় কলকাতার একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে মানস সরোবর যাত্রায় বেরিয়েছিলেন।
গত ২১ আগস্ট তাঁরা বাড়ি থেকে রওনা দেন। মঙ্গলবার কাঠমান্ডু থেকে তিব্বত সীমান্তের ছোট শহর সিয়াবুরুবেশিতে পৌঁছন তাঁরা। বুধবার তাঁদের কৈলাসের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রাতের পর থেকেই দম্পতির সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। গভীর উদ্বেগে প্রতিবেশীরা। বুধবার সন্ধ্যায় কাঁকসা থানার পুলিশ তপোবন সিটিতে গিয়ে খোঁজখবর নেয়।
অরিন্দমবাবু ও মৌসুমীদেবীর মেয়ে অঙ্কিতা বর্তমানে বেঙ্গালুরুতে কর্মরত। তাঁর সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ বাবা-মায়ের সঙ্গে তাঁর শেষবার কথা হয়েছিল। তারপর থেকে আর তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
অরিন্দমবাবু ডিভিসির অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন অনুপ বন্দ্যোপাধ্যায়। অরিন্দমবাবুর নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনিও অত্যন্ত উদ্বিগ্ন। অনুপবাবুর কথায়, ‘‘সবাই খুব চিন্তায় আছি। আশা করছি দ্রুতই ভাল খবর পাব।’’
দূর পাহাড়ি এলাকায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দম্পতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে। পরিবারের পাশাপাশি অরিন্দম ও মৌসুমীর পরিচিতরাও এখন অপেক্ষা করছেন একটাই খবরের জন্য—তাঁরা নিরাপদে আছেন, এই সুখবরটি দ্রুত আসুক।
আরও পড়ুন: মাঝরাতে রণক্ষেত্র দুর্গাপুর, প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলা, লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের!
সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


