WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ সেপ্টেম্বর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ওয়ার্ড পুনর্বিন্যাস করা হচ্ছে। ওয়ার্ডের সংখ্যা ৪৩ থেকে বেড়ে হতে চলেছে ৫৩। এই মর্মে ৩১ অগস্ট নির্দেশিকা জারি করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যা, জনঘনত্ব, এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য, ঐতিহাসিক গুরুত্ব এবং আর্থিক বিষয়ের মতো একাধিক বিষয় বিবেচনায় রাখা হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

আগামী দিনে কোন কোন এলাকার সীমানা বদলাবে এবং নতুন ওয়ার্ডগুলির পরিধি কী হবে, তা নিয়ে শহরজুড়ে আগ্রহ তৈরি হয়েছে। পুজোর পরে পুরভোট হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন নির্দেশিকার প্রতিলিপি ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন, পশ্চিম বর্ধমানের জেলাশাসক, দুর্গাপুর নগর নিগমের কমিশনার-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।

দুর্গাপুরে ১০টি নতুন ওয়ার্ড যুক্ত হওয়ার ফলে আগামী পুরনির্বাচনের আগে শহরের প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণেও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

আরও পড়ুন: দুর্গাপুরে নেহরুর মূর্তি তুলে ফেলে দেওয়া হল জঙ্গলে!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)