WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ অক্টোবর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজ থেকে ডিপিএল কলোনির প্রবেশদ্বার—গুরুত্বপূর্ণ এই রাস্তার দু’ধারে ফুটপাত দখল করে একাধিক দোকান গড়ে ওঠার অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ, সময়ের সঙ্গে দোকানগুলির পরিধি বাড়তে বাড়তে বেশ কিছু জায়গায় তা ফুটপাত ছাড়িয়ে রাস্তার অংশের দিকেও চলে এসেছে। ফলে পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি যানজটের আশঙ্কাও বাড়ছে।

স্থানীয়দের একাংশের দাবি, ডিপিএল-এর নিজস্ব একটি দোকান ছাড়াও কয়েক দশক আগে ওই এলাকায় আরও কিছু দোকান তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে ধাপে ধাপে সেই দোকানগুলির পরিসর বেড়েছে। অভিযোগ উঠেছে, ছোট আকারে শুরু হওয়া কয়েকটি দোকান বর্তমানে স্থায়ী কাঠামোর রূপ নিয়েছে এবং রাস্তার দিকে সম্প্রসারিত হয়েছে।

ডিপিএল কলোনিতে ঢোকার অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তায় ফুটপাতের ব্যবহার নিয়ে ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। প্রশাসনের তরফে অবৈধ দখল বা নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপের কথা বলা হলেও, বাস্তবে ওই দোকানগুলি কীভাবে এখনও রয়েছে, তা নিয়েও উঠছে প্রশ্ন।

বিষয়টি নিয়ে ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও নির্দিষ্ট অভিযোগপত্র জমা পড়েনি। তবে বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। কোনও অনিয়ম বা অবৈধ নির্মাণের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুইয়ের দাবি, এই ধরনের নির্মাণ আগের বামফ্রন্ট ও তৃণমূল আমলে তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, দুর্গাপুজোর কারণে আপাতত কিছু ক্ষেত্রে কাজ স্থগিত রাখা হয়েছে। পুজোর পর দুর্গাপুর পুরসভা এলাকার অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ শুরু হবে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: বাইরের অ্যাম্বুল্যান্স গান্ধী মোড়ের হাসপাতালে ঢুকলেই দিতে হবে ৫ হাজার টাকা!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)