WhatsApp Group Join Now
Instagram Group Join Now
হাসপাতালে ভর্তি জখম টেকনিশিয়ান।

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ সেপ্টেম্বর: রোগী নিয়ে বেসরকারি হাসপাতালে পৌঁছনোর পর অ্যাম্বুল্যান্স আটকে টাকা দাবি এবং তা দিতে অস্বীকার করায় চালক ও টেকনিশিয়ানকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায়। ঘটনায় গুরুতর আহত এক টেকনিশিয়ান দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগ, রবিবার রাতে অন্য একটি হাসপাতাল থেকে রোগী নিয়ে গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে পৌঁছয় একটি আইসিইউ অ্যাম্বুল্যান্স। বেরনোর সময় সেটি আটকে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় স্থানীয় অ্যাম্বুল্যান্স স্ট্যান্ডের সঙ্গে যুক্ত মানিক ধীবর নামে এক ব্যক্তির তরফে ৫ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ অ্যাম্বুল্যান্স কর্তৃপক্ষের।

অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় বচসা। এরপরই অ্যাম্বুল্যান্সের চালক ও টেকনিশিয়ানকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় টেকনিশিয়ান গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাম্বুল্যান্সের মালিক নিজামুদ্দিন মল্লিকের অভিযোগ, রোগীর পরিবারের ফোন পেয়ে অ্যাম্বুল্যান্সটি হাসপাতালে পাঠানো হয়েছিল। গাড়ি পৌঁছনোর পরই টাকা দাবি করা হয়।

তাঁর দাবি, টাকা না দিলে অ্যাম্বুল্যান্স নিয়ে রোগীকে নিয়ে বের হতে দেওয়া হবে না বলেও চাপ দেওয়া হয় বলে তাঁর অভিযোগ। ঘটনার প্রতিবাদ করতেই চালক ও টেকনিশিয়ানকে মারধর করা হয়েছে। মানিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন নিজামুদ্দিন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মানিক।

আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!