WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ অক্টোবর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা থানার বামুনাড়া হাটতলার কাছে এইচএফসিএল সংলগ্ন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে চলছে অবৈধ দখলদারি। খবর পেয়ে বিজেপি কর্মীরা গিয়ে রুখে দিলেন দখলদারি। খবর দেওয়া হল পুলিশকে। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, যেখানেই অবৈধ দখলদারির খবর মিলবে, সেখানেই গিয়ে তাঁরা বন্ধ করে দেবেন।

ওই এলাকা দিয়ে গিয়েছে একটি হাইড্রেন। সম্প্রতি বিজেপি কর্মীরা সেই ট্রেনটি পরিস্কার করার ব্যবস্থা করেন। স্থানীয় বাসিন্দা জয়া চট্টোপাধ্যায় জানান, তিনি খবর পান রাতের অন্ধকারে সেই ড্রেনের উপরে ইট দিয়ে দোকান নির্মাণের কাজ চলছে। খবর দেন দুর্গাপুর পূর্ব ৪ নম্বর মণ্ডলের সভাপতি শুভাশিস মুখোপাধ্য়ায়কে।

বৃহস্পতিবার সকালে শুভাশিস সেখানে যান। খবর দেন পুলিশকে। পুলিশ জানিয়েছে, সেখানে আর কোনও নির্মাণ কাজ করতে দেওয়া হবে না। শুভাশিস বলেন, “তৃণমূলের আমলে বহু অবৈধ দোকান বসেছে। গরীব মানুষ। তাই কিছু করা হয়নি। কিন্তু নতুন করে আর কাউকে সরকারি জমি দখল করতে দেব না। এদিন নতুন করে একজন ড্রেন বন্ধ করে দোকান গড়ার উদ্যোগ নিয়েছিল। আমরা যাই। পুলিশ আসে। কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ। অবৈধ নির্মাণ দেখলেই বাধা দেব।”

আরও পড়ুন: বাইরের অ্যাম্বুল্যান্স গান্ধী মোড়ের হাসপাতালে ঢুকলেই দিতে হবে ৫ হাজার টাকা!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)