WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ অক্টোবর: যে জিনিস ব্যবহারের পরে ফেলে দেওয়া হয়, তা দিয়েই গড়ে উঠতে পারে শিল্পের অনন্য নিদর্শন। সেই ভাবনাকেই এ বার দুর্গাপুজোর প্রতিমায় রূপ দিতে চলেছে দুর্গাপুরের পলাশডিহা তরুণ সংঘ। ফেলে দেওয়া আইসক্রিমের কাঠি আর ব্যবহৃত কফির কাপ দিয়ে তৈরি হচ্ছে দেবী দুর্গার প্রতিমা। পুজোর ৫০তম বর্ষে, অর্থাৎ সুবর্ণজয়ন্তীতে, এমনই অভিনব ভাবনায় দর্শনার্থীদের চমকে দিতে প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা।

দুর্গাপুজোয় থিমের বৈচিত্র্য, মণ্ডপসজ্জার অভিনবত্ব এবং প্রতিমার নান্দনিকতা নিয়ে প্রতি বছরই চলে নতুন কিছু করার প্রতিযোগিতা। সেই চেনা ধারায় এ বার নিজেদের সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে অন্য পথে হাঁটছে পলাশডিহা তরুণ সংঘ। প্রতিমা তৈরির উপকরণেই থাকছে এ বারের বিশেষত্ব। সাধারণত ব্যবহারের পরে যে আইসক্রিমের কাঠি কিংবা কফির কাপ ফেলে দেওয়া হয়, সেগুলিকেই কাজে লাগিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে শিল্পের নতুন রূপ।

এই উদ্যোগে অভিনবত্বের পাশাপাশি রয়েছে পরিবেশবান্ধব ভাবনাও। ফেলে দেওয়া সামগ্রীকে নতুন ভাবে কাজে লাগিয়ে কী ভাবে সৃজনশীল শিল্পকর্ম তৈরি করা যায়, সেই বার্তাই দিতে চাইছেন পুজো উদ্যোক্তারা। দৈনন্দিন জীবনের অবহেলিত উপকরণ যে শিল্পের মাধ্যম হয়ে উঠতে পারে, প্রতিমার মাধ্যমে সেই ভাবনাকে সামনে আনার চেষ্টা চলছে।

পলাশডিহা তরুণ সংঘের পুজোর আর একটি উল্লেখযোগ্য দিক হল, প্রতিমা তৈরিতে ক্লাব সদস্যদের নিজেদের উদ্যোগ। প্রতি বছর বাইরের শিল্পীদের উপর নির্ভর না করে সদস্যরাই প্রতিমা তৈরির কাজে হাত লাগান। নিজেদের দক্ষতা, শ্রম ও কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে গড়ে তোলেন দেবী দুর্গার মূর্তি। সুবর্ণজয়ন্তীতেও সেই পরম্পরা বজায় রেখেই নতুন চমকের প্রস্তুতি চলছে।

পঞ্চাশ বছরের পথচলা যে কোনও পুজো কমিটির কাছেই বিশেষ প্রাপ্তি। সেই মাইলফলককে স্মরণীয় করে রাখতে এ বারের আয়োজনকে ঘিরে স্বাভাবিক ভাবেই বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। আইসক্রিমের কাঠি আর কফির কাপ দিয়ে তৈরি প্রতিমা দর্শনার্থীদের কতটা আকর্ষণ করে, এখন সেটাই দেখার। অভিনব শিল্পভাবনার পাশাপাশি পুনর্ব্যবহারের বার্তা নিয়ে পলাশডিহা তরুণ সংঘের সুবর্ণজয়ন্তীর পুজো দুর্গাপুরের উৎসবের মানচিত্রে কতটা জায়গা করে নেয়, তার উত্তর মিলবে পুজোর দিনগুলিতেই। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)