WhatsApp Group Join Now
Instagram Group Join Now

‘Rebento Esperanza 2K26 – শারদবরণ’

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ অক্টোবর: দুর্গাপুজোর প্রাক্কালে উৎসবের আবহে নবীনদের বরণ করে নিল দুর্গাপুরের ডা. বি সি রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালায়েড হেলথ সায়েন্সেস। গত ১৩ অক্টোবর কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের নাম ছিল ‘রেবেন্তো এসপেরাঞ্জা ২কে২৬—শারদবরণ’। এম ফার্ম, ডি ফার্ম এবং বি ফার্মের নতুন পড়ুয়াদের স্বাগত জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিআরইসি সোসাইটির কোষাধ্যক্ষ জার্নেল সিং, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সমীর কুমার সামন্ত। ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী এবং পড়ুয়ারাও।

নবীনদের স্বাগত জানিয়ে অধ্যক্ষ ড. সমীর কুমার সামন্ত তাঁদের নিষ্ঠা, উদ্যম ও ইতিবাচক মনোভাব নিয়ে শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরু করার পরামর্শ দেন। ভবিষ্যৎ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার কথা তুলে ধরে তিনি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, বন্ধুত্বের মূল্য দেওয়া এবং জ্ঞান অর্জনকে জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। একই সঙ্গে উপস্থিত সকলকে আগাম দুর্গাপুজোর শুভেচ্ছাও জানান তিনি।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পড়ুয়াদের নাচ ও গানের পরিবেশনায় জমে ওঠে আয়োজন। নতুন ও পুরনো পড়ুয়াদের মধ্যে পরিচিতি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলার পাশাপাশি কলেজের সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে নবীনদের পরিচিত করিয়ে দেওয়াও ছিল এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।

নবীনবরণকে ঘিরে পড়ুয়াদের উৎসাহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পড়াশোনার নতুন পর্ব শুরুর আগে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং উৎসবের আবহে দিনটি স্মরণীয় করে রাখার সুযোগ পেলেন কলেজের নবাগত পড়ুয়ারা।

আরও পড়ুন- ‘ইয়ারি’: বন্ধুত্বের ছোঁয়ায় র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসের অঙ্গীকার ড. বি. সি. রায় একাডেমিতে