WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ অক্টোবর: পুজোর বাজারে ক্রেতাদের ভিড়। সেই ভিড়ের সুযোগ নিয়ে বাইক চুরির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই অভিযুক্তকে গ্রেফতার করল কোকআভেন থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাইকটিও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাসের বাইকটি গত ৫ অক্টোবর সকালে দুর্গাপুর স্টেশন বাজার এলাকা থেকে চুরি যায়। পুজোর কেনাকাটার জন্য তখন বাজারে যথেষ্ট ভিড় ছিল। সেই সুযোগেই বাইকটি চুরি করা হয় বলে অভিযোগ। অনেক খোঁজাখুঁজির পরেও বাইকের সন্ধান না পেয়ে কোকআভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিপুল।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। স্টেশন বাজার ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে দুই যুবকের গতিবিধি সন্দেহজনক বলে মনে হয় তদন্তকারীদের। তাঁদের মুখে মাস্ক এবং পিঠে ব্যাগ ছিল। সাধারণ মানুষের ভিড়ে মিশে থেকে তাঁরা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্রের ভিত্তিতে বাইক চুরির পর অভিযুক্তদের পালানোর পথ চিহ্নিত করার চেষ্টা করেন তদন্তকারীরা। তদন্তে জানা যায়, চুরি করা বাইকটি দুর্গাপুরের পিসিবিএল কলোনিতে লুকিয়ে রাখা হয়েছিল। এর পরে অভিযুক্তেরা কাঁকসার পানাগড় এলাকায় গিয়ে আত্মগোপন করেন বলে পুলিশের দাবি।

সেই সূত্র ধরে বুধবার রাতে পানাগড় এলাকা থেকে অজয় রাম ও দেব চৌহান নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া বাইকটিও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)