দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ নভেম্বর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পলিটেকনিকের ক্লাসরুম থেকে এবার ইতালির বিশ্ববিদ্যালয়ে পাড়ি। ডিপ্লোমা পড়াশোনা শেষ করে ইউরোপে উচ্চশিক্ষার সুযোগ পেলেন ডঃ বি সি রায় পলিটেকনিকের প্রাক্তনী যতীন শর্মা। ইতালির ইউনিভার্সিটি অফ ক্যাসিনো অ্যান্ড সাউদার্ন লাজিওতে (University of Cassino and Southern Lazio) অর্থনীতি ও ডেটা সায়েন্স নিয়ে স্নাতক স্তরে পড়ার সুযোগ পেয়েছেন তিনি। এই সাফল্যে খুশি দুর্গাপুরের শিক্ষা মহল।
ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা যতীন শর্মা ডঃ বি সি রায় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রাক্তনী। ডিপ্লোমা স্তরের পড়াশোনা শেষ করার পর এবার তাঁর শিক্ষাজীবনে যুক্ত হতে চলেছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। ইতালির বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও ডেটা সায়েন্সের মতো বিষয় নিয়ে স্নাতক স্তরে পড়াশোনার সুযোগ তাঁর সামনে খুলে দিয়েছে নতুন দিগন্ত।
ডঃ বি সি রায় পলিটেকনিক কর্তৃপক্ষের মতে, এই সাফল্য শুধু একজন প্রাক্তনীর ব্যক্তিগত অর্জন নয়, প্রতিষ্ঠানের শিক্ষাগত পরিকাঠামো ও পঠনপাঠনের সাফল্যের নজিরও। তাঁদের বক্তব্য, ডিপ্লোমা শিক্ষা কেবল প্রযুক্তিগত যোগ্যতা অর্জনের মাধ্যম নয়। বরং উচ্চশিক্ষা, পেশাগত দক্ষতা, উদ্ভাবন এমনকী আন্তর্জাতিক স্তরে কেরিয়ার গড়ার পথও খুলে দিতে পারে। যতীনের এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন কর্তৃপক্ষ।
দুর্গাপুরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ—যতীন শর্মার এই যাত্রা নিঃসন্দেহে আগামী প্রজন্মের পড়ুয়াদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: শীতকালীন উড়ান সূচি চালু হল অন্ডাল বিমানবন্দরে, কোন বিমান কখন ছাড়বে?
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


