দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ নভেম্বর: ২৬ জন ঠিকা শ্রমিকের গেট পাস কেড়ে নেওয়াকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টিল প্লান্ট (DSP) চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
বিএমএসের জেলা সাধারণ সম্পাদক মৃন্ময় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সোমবার সকাল থেকে কয়েকজন বহিরাগত কারখানায় কর্মরত ২৬ জন ঠিকা শ্রমিকের গেট পাস কেড়ে নেয়। এই ঘটনার প্রতিবাদ জানালে ওই বহিরাগতরা অশান্তি সৃষ্টির চেষ্টা করে বলেও অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যদিও পরে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যায় বলে দাবি বিএমএস নেতার।
এই ঘটনার পিছনে রাজনৈতিক যোগের অভিযোগও তুলেছেন মৃন্ময় বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যারা শ্রমিকদের গেট পাস কেড়ে নিতে এসেছিল, তারা ‘নব্য বিজেপি’। গত ৪ মে দুপুর ১২টার পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তারা। তবে বিজেপি নেতৃত্ব তাদের গ্রহণ করেননি বলেও দাবি বিএমএস নেতার। তাঁর অভিযোগ, এই ধরনের লোকজন বিজেপির ভাবমূর্তি কলুষিত করছে।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “তৃণমূলের লোকজন এত বছর ধরে লুঠপাট করে খেয়েছেন। সেই অভ্যাস ছাড়তে পারছেন না। ৪ মে দুপুরের পরে বিজেপিতে যোগ দিয়ে এখন ফের লুঠপাট করার ধান্ধায় নেমেছেন তাঁরা। তাঁরা কারা, সব খোঁজ নেওয়া হচ্ছে। ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন: শীতকালীন উড়ান সূচি চালু হল অন্ডাল বিমানবন্দরে, কোন বিমান কখন ছাড়বে?
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


