WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ নভেম্বর: আন্তর্জাতিক কিকবক্সিং মঞ্চে নজরকাড়া সাফল্য পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দশ বছরের খুদে প্রতিভা আরাধ্যা ধীবরের। উজবেকিস্তানের তাশখন্দে আয়োজিত বিশ্ব কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে চারটি পদক জিতেছে দিল্লি পাবলিক স্কুল, দুর্গাপুরের চতুর্থ শ্রেণির এই ছাত্রী। তার ঝুলিতে রয়েছে একটি স্বর্ণ, একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক।

ইয়ংগার বিভাগে ছয়টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আরাধ্যা। প্রায় ৫০টি দেশের ৩,০৪৩ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার এই সাফল্য নিঃসন্দেহে উল্লেখযোগ্য। খুদে খেলোয়াড়ের কৃতিত্বে গর্বিত বিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা জানানো হয়। অধ্যক্ষ ও বিদ্যালয় কর্তৃপক্ষ আরাধ্যার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং ক্রীড়াসুলভ মানসিকতার প্রশংসা করেন। সাফল্যের পিছনে বাবা-মায়ের উৎসাহ ও সহযোগিতার কথাও তুলে ধরা হয়।

আরাধ্যার ক্রীড়া প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে OM DAYAL GROUP। স্পোর্টস কোটার অধীনে তার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে সংস্থাটি। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দুর্গাপুরে তাদের প্রতিষ্ঠানই প্রথম, যেখানে স্পোর্টস কোটায় প্রতিভাবান পড়ুয়াদের ভর্তির পাশাপাশি শিক্ষার ব্যয়ভারও বহন করা হচ্ছে। 

আরও পড়ুন: শীতকালীন উড়ান সূচি চালু হল অন্ডাল বিমানবন্দরে, কোন বিমান কখন ছাড়বে?

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)