WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ নভেম্বর: বেআইনি অস্ত্র ও বিস্ফোরক পাচার চক্রের বিরুদ্ধে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) পরপর অভিযানে বড়সড় সাফল্য। বীরভূমের মুরারইয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে ৩৮টি বেআইনি আগ্নেয়াস্ত্র ও ১২২ রাউন্ড কার্তুজ। দু’টি পৃথক ঘটনায় গ্রেফতার হয়েছেন মোট পাঁচজন।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মুরারই থানার সহযোগিতায় বড়ুয়া গোপালপুরে অভিযান চালায় এসটিএফ। সেখান থেকে উদ্ধার হয় ১১৫০টি জিলেটিন স্টিক, ১০৬৪টি ডিটোনেটর এবং ৩২ রোল বৈদ্যুতিক তার। প্রতিটি রোলে ৩৭৫ মিটার তার থাকায় মোট উদ্ধার হয়েছে ১২ হাজার মিটার তার। গ্রেফতার করা হয়েছে মহম্মদ রেজা শেখ ওরফে গুঢ়া শেখ এবং মুকেশ সিংকে। প্রাথমিক তদন্তে ঝাড়খণ্ড ও বিহারে বেআইনিভাবে বিস্ফোরক মজুত ও সরবরাহের অভিযোগ উঠে এসেছে। বিস্ফোরক সামগ্রী আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

অন্যদিকে, পশ্চিম বর্ধমানে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের খোঁজে চলা তদন্তেও বড় সাফল্য পেয়েছে এসটিএফ। ৩০ জুলাই জামুড়িয়ার বীজপুর মোড় থেকে খয়রুল আলম চৌধুরী ওরফে গদাইকে গ্রেফতারের পর তদন্তে উঠে আসে রাঁচির যোগসূত্র। ৪ অগস্ট রাঁচি থেকে ধরা পড়েন মহম্মদ শামশের হুসেন। তাঁদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে অন্ডালের একটি পরিত্যক্ত ইসিএল আবাসন থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র, ৫৭ রাউন্ড কার্তুজ ও দু’টি খালি ম্যাগাজিন উদ্ধার হয়।

তদন্তের পরবর্তী পর্যায়ে ২৬ অক্টোবর পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধ থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ ও ৫ নভেম্বর দান্য গ্রামে দক্ষিণ শামলা কোলিয়ারি সংলগ্ন চাষের জমিতে অভিযান চালিয়ে লুকনো অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে এসটিএফ। সব মিলিয়ে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় পাওয়া গিয়েছে ৩৮টি আগ্নেয়াস্ত্র, ১২২ রাউন্ড কার্তুজ এবং দু’টি খালি ম্যাগাজিন। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দেশি মাস্কেট, পিস্তল ও সিঙ্গল শট পাইপগান।

দু’টি পৃথক অভিযানের সূত্র ধরে এখন তদন্তকারীদের নজরে আন্তঃরাজ্য পাচার চক্রের নেটওয়ার্ক। কোথা থেকে অস্ত্র ও বিস্ফোরক আসছিল, কারা সেগুলি সংগ্রহ করছিল এবং কোন কোন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে এসটিএফ।

আরও পড়ুন: শীতকালীন উড়ান সূচি চালু হল অন্ডাল বিমানবন্দরে, কোন বিমান কখন ছাড়বে?

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)