দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ নভেম্বর: বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। অথচ ভিতরে মজুত ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ! পুলিশের তল্লাশিতে উদ্ধার হল ২ লক্ষ ৮৪ হাজার ৪০০টি অ্যালপ্রাজোলাম ট্যাবলেট এবং ২৮৫ বোতল ফেন্সিডিল কাশির সিরাপ। বেআইনিভাবে এত বিপুল পরিমাণ ওষুধ মজুত রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিককে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ নভেম্বর দুপুরে দুর্গাপুরের এনটিএস থানার অন্তর্গত বিধান পার্কের সেক্টর-২ এলাকার ১বি/২৭ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িটির বাসিন্দা একটি ওষুধের দোকানের মালিক বছর ৫০ এর সুদীপ কুমার মুখোপাধ্যায়। তল্লাশিতে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ৪৭৪ বাক্স অ্যালপ্রাজোলাম ট্যাবলেট। প্রতিটি ট্যাবলেটের মাত্রা ০.৫ মিলিগ্রাম। সব মিলিয়ে ট্যাবলেটের সংখ্যা ২ লক্ষ ৮৪ হাজার ৪০০। পাশাপাশি উদ্ধার হয়েছে ২৮৫ বোতল কাশির সিরাপ, যার মোট পরিমাণ ২৮.৫ লিটার।
পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া সমস্ত ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই সৌমেন কুণ্ডু। তবে এই বিপুল পরিমাণ ওষুধ উদ্ধারের পর তদন্তকারীদের সামনে উঠে এসেছে একাধিক প্রশ্ন। কী কারণে বাড়িতে এত ওষুধ মজুত করা হয়েছিল? কোথা থেকে এসেছিল অ্যালপ্রাজোলাম ট্যাবলেট ও কাশির সিরাপের এই বিশাল চালান? কোনও বৈধ ওষুধ সরবরাহ ব্যবস্থার আড়ালে কি বেআইনি কারবার চলছিল? নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও ওষুধের চক্র? উদ্ধার হওয়া ওষুধ কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, এই মজুতের সঙ্গে আর কারা জড়িত, সেই বিষয়গুলিও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: শীতকালীন উড়ান সূচি চালু হল অন্ডাল বিমানবন্দরে, কোন বিমান কখন ছাড়বে?
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


