দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ নভেম্বর: ছোট্ট কাপড়ের ব্যবসা। সেখান থেকে সংসার চালানোর পাশাপাশি একটু একটু করে জমিয়েছিলেন টাকা। ভেবেছিলেন, পুজোর পর সেই সঞ্চয় দিয়ে মিটিয়ে দেবেন মহাজনদের পাওনা। কিন্তু পুজোর পর ব্যাঙ্কের পাশবই আপডেট করাতে গিয়েই মাথায় আকাশ ভেঙে পড়ল দুর্গাপুরের এক দম্পতির। অ্যাকাউন্টে থাকার কথা ছিল ৫ লক্ষ ৫০ হাজার টাকার কাছাকাছি। অথচ পড়ে রয়েছে মাত্র ৩২০০ টাকা! অভিযোগ, অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে ৫ লক্ষ ৪৭ হাজার টাকা। ঘটনায় পুলিশের সাইবার বিভাগের দ্বারস্থ হয়েছেন বিধাননগরের ওই দম্পতি।
দুর্গাপুরের বিধাননগর এলাকার বাসিন্দা অন্নপূর্ণা মালাকার ও তাঁর স্বামী পরিমল মালাকার। তাঁদের একটি ছোট কাপড়ের দোকান রয়েছে। সেই ব্যবসার আয় থেকেই সংসার চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে সামান্য সামান্য করে টাকা জমিয়েছিলেন অন্নপূর্ণা। নিজেদের কষ্টার্জিত সঞ্চয় নিরাপদে রাখার আশায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা রেখেছিলেন সেই টাকা।
পরিবারের পরিকল্পনা ছিল, পুজোর পর সঞ্চিত অর্থ দিয়ে মহাজনদের পাওনা মিটিয়ে কিছুটা নিশ্চিন্ত হবেন। কিন্তু সেই পরিকল্পনায় কার্যত জল ঢেলে দিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার ঘটনা। সম্প্রতি ব্যাঙ্কে গিয়ে পাশবই আপডেট করাতেই সামনে আসে বিপুল অঙ্কের টাকা গায়েব হওয়ার বিষয়টি। হিসাব অনুযায়ী, অ্যাকাউন্টে পড়ে রয়েছে মাত্র ৩২০০ টাকা। বাকি ৫ লক্ষ ৪৭ হাজার টাকার কোনও হদিশ নেই।
কীভাবে উধাও হল এত টাকা? কারা তুলল সেই অর্থ? কীভাবে অ্যাকাউন্টে এই লেনদেন হল? একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পরিবারটির মনে। অন্নপূর্ণা মালাকারের দাবি, তিনি কাউকে কোনও ওটিপি দেননি। এমনকী, কোনও চেকের মাধ্যমে নিজে টাকা তোলেননি বা অন্য কাউকে টাকা তোলার অনুমতিও দেননি।
অন্নপূর্ণার কথায়, ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তারপর থেকেই কার্যত দিশাহারা তিনি। জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে কী করবেন, বুঝে উঠতে পারছেন না। তাঁর দাবি, এত টাকা চলে যাওয়ায় তাঁরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। ইতিমধ্যেই ঘটনার বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মালাকার দম্পতি। সাইবার বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
তবে সবচেয়ে বড় প্রশ্ন, কোনও ওটিপি না দিয়েও কীভাবে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল জীবনের সঞ্চিত অর্থ? সাইবার প্রতারণার পিছনে কারা রয়েছে, কী পদ্ধতিতে টাকা সরানো হয়েছে এবং সেই অর্থ উদ্ধার করা সম্ভব হবে কি না, এখন সেদিকেই তাকিয়ে মালাকার পরিবার।
আরও পড়ুন: দুর্গাপুর থেকে ইতালি, BCRP-র ছাত্রের নজরকাড়া সাফল্য!
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


