দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ নভেম্বর: পড়ুয়াদের সাধারণ জ্ঞান ও মেধার বিকাশে তৃতীয় বর্ষে সারা বাংলা আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে দুর্গাপুর ক্লাব সমন্বয়। আগামী ১৪ নভেম্বর সিটি সেন্টারের সৃজনী সভাগৃহে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এতে অংশ নিতে পারবে। আয়োজকদের আশা, রাজ্যের প্রায় ৩০০টি স্কুল এই প্রতিযোগিতায় যোগ দেবে।
মঙ্গলবার প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে একটি বৈঠক হয়। আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রতিটি স্কুল থেকে তিন জনের একটি দল অংশ নিতে পারবে। ১৩ নভেম্বর পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল-সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হবে। প্রতিযোগিতা হবে বাংলা ও ইংরেজি ভাষায়। প্রয়োজনে পড়ুয়াদের হিন্দিতেও তথ্য জানানো হবে। প্রতিযোগীদের উৎসাহিত করতে মোট দু’লক্ষ টাকার পুরস্কার রাখা হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুর থেকে ইতালি, BCRP-র ছাত্রের নজরকাড়া সাফল্য!
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


